আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

স্টাফ রিপোর্টার

পল্লবীতে জামায়াতের পোলিং অফিসারসহ ২ জনের কারাদণ্ড, কেন্দ্র থেকে বহিষ্কার

রাজধানীতে পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ এবং প্রভাব বিস্তারের দায়ে পোলিং অফিসারসহ দুইজনকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার নির্বাচনি দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।

বিজ্ঞাপন

​নির্বাচন চলাকালীন ঢাকা-১৬ আসনের‌ মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ‘দাঁড়িপাল্লা’ মার্কার দুইজন এজেন্ট নিয়ম বহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। তদন্তে দেখা যায়, ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) এ অবৈধ অনুপ্রবেশে সহায়তা করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সুমনা ইসলাম স্থানীয় ৬ নং ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী।

​ঘটনাটি নজরে আসার পর তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক। তিনি গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী দোষীদের বিচার করেন।

​অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সাথে ৫,০০০ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

​অনিয়মের দায়ে অভিযুক্ত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনি দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে। প্রিজাইডিং অফিসার নিশ্চিত করেছেন যে, কেন্দ্রের শৃঙ্খলা বজায় রাখতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে দ্রুত এ পদক্ষেপ নেওয়া হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...