হাবীবুল্লাহ বাহার কলেজের প্রিন্সিপালকে হত্যার অভিযোগ

হাবীবুল্লাহ বাহার কলেজের প্রিন্সিপালকে হত্যার অভিযোগ

রাজধানীর হাবীবুল্লাহ বাহার কলেজের প্রিন্সিপাল মোহাম্মাদ সাইফুর রহমান ভূঁইয়াকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে এ ঘটনা ঘটে। পরে তাকে উত্তরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

উত্তরখান থানার ওসি জিয়াউর রহমান আমার দেশকে বলেন, সোমবার ভোর রাতে তাকে হত্যা করা হয়েছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।

বিজ্ঞাপন

জানা গেছে, সাইফুর রহমান ভুঁইয়া পরিবারসহ শান্তিনগর এলাকায় থাকতেন। তবে কিছুদিন আগে তিনি উত্তরার উত্তরখান থানা এলাকায় একটি ভাড়া বাসায় মাঝে মাঝে থাকতেন। তিনি বাসায় একাই থাকতেন।

ওই কলেজের সাবেক শিক্ষার্থী রায়হান সোহরাওয়ার্দী হাসপাতালে সাংবাদিকদের বলেন, সাইফুর রহমান স্যারকে সোমবার ভোর রাতে (সেহেরির সময়) দেশী অস্ত্র দিয়ে হামলা করে হত্যা করা হয়েছে। তার গলায় ও মাথায় রামদার কোপের দাগ রয়েছে।

রায়হান আরও বলেন, সরকার পরিবর্তনের পর শিক্ষার্থীরা আন্দোলন করে অধ্যক্ষ থেকে শুরু করে সবাইকে পদত্যাগ করিয়ে নতুন করে শিক্ষকদের পদোন্নতি দেওয়া হয়। সেখানে সাইফুর রহমান ভূঁইয়াকে উপাধ্যক্ষ করা হয়েছিল। তিনি (সাইফুর) একসময় বিএনপির মতদর্শী থাকলেও আওয়ামী লীগের আমলে বিভিন্ন সেমিনারে যাওয়ার কিছু ছবি ভাইরাল হয়। সেই ছবি দেখিয়ে তার বিরুদ্ধে কিছু শিক্ষার্থীরা আন্দোলন করেন। এ নিয়ে ওই কলেজে শিক্ষকদের মধ্যে কোন্দলও ছিল বলে জানা গেছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন