অবৈধ সম্পর্কে বাড়ছে মানসিক অস্থিরতা: আইআরএফ

অবৈধ সম্পর্কে বাড়ছে মানসিক অস্থিরতা: আইআরএফ

‘কাছে আসার গল্প, অবৈধ প্রেম-যৌনতা, ডাস্টবিনে শিশুর লাশ: জীবনের জন্য মানববন্ধন’ কর্মসূচি পালন করেছে ইসলামিক রিভাইভাল ফ্রন্ট-আইআরএফ। বৃহস্পতিবার রাজধানীতে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রগতি-স্বাধীনতা ও আধুনিকতার নামে সমাজে এক অদ্ভুত জীবনব্যবস্থা চাপিয়ে দেওয়া হয়েছে। অবাধ যৌনতার সংস্কৃতি চারিদিকে ছড়িয়ে পড়ছে। যৌনায়িত মিডিয়া ও কালচারাল এলিট গোষ্ঠীর প্রচারণার মাধ্যমে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

তারা বলেন, সেক্যুলার উদার বিশ্বব্যবস্থার প্রভাবে সমাজে গভীর সংকট তৈরি হয়েছে। পবিত্র প্রেম ও কাছে আসার গল্পের মতো বুলির মাধ্যমে তরুণ প্রজন্মের মনস্তত্ত্বকে গ্রাস করা হয়েছে। যৌনতাকে বিয়ে থেকে আলাদা করে দেখানো হচ্ছে। বিয়ে বহির্ভূত প্রেম-ভালোবাসা ও যৌনতাকে যৌবন উপভোগের লোভনীয় পথ হিসেবে উপস্থাপন করা হচ্ছে। ফলে একটি বিকৃত সমাজ ও নৈতিক পদস্খলন দেখতে পাচ্ছি আমরা।

অবৈধ যৌন সম্পর্কের প্রত্যক্ষ ফলাফল হিসেবে ডাস্টবিনে নবজাতকের লাশ পাওয়া যাচ্ছে। বাড়ছে তরুণদের মানসিক অস্থিরতা ও অসুখ। প্রেমের ফাঁদে পড়ে প্রতারণা ও ধর্ষণের শিকার হচ্ছে অনেক নারী। নষ্ট হয়ে যাচ্ছে তরুণদের ক্যারিয়ার, তাদের ব্যক্তিত্ব ও চরিত্র। পারিবারিক সম্মান ক্ষতিগ্রস্ত হচ্ছে। ভেঙে যাচ্ছে পরিবার। দুর্বল হচ্ছে সামাজিক সংহতি।

আইআরএফ-এর যুগ্ম সম্পাদক সৈয়দ মুহাম্মাদ আমীর বলেন, জড়িতদের অবশ্যই এসব বিষয় থেকে বের হয়ে আসতে হবে; যেন একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে পারে। তরুণ প্রজন্মকে এই নৈতিক পদস্খলন থেকে রক্ষা করতে হবে। একটি সুস্থ, স্বাভাবিক ও ঈমানী চেতনায় উজ্জীবিত জীবনের দিকে তরুণ প্রজন্মকে ধাবিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন