‘কোয়ালিটি ইন দ্য এইজ অব এআই’ প্রতিপাদ্য নিয়ে আগামী ৫ ডিসেম্বর ঢাকার শেরাটন হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে সফটওয়্যার কোয়ালিটি অ্যাসুরেন্স ও টেস্টিংবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন ‘৪র্থ সিম্পোজিয়াম অন সফটওয়্যার কিউএ অ্যান্ড টেস্টিং’ ।
সোসাইটি ফর বাংলাদেশ সফটওয়্যার টেস্টিং বোর্ডের আয়োজনে দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবেন ইন্টারন্যাশনাল সফটওয়্যার টেস্টিং কোয়ালিফিকেশনস বোর্ডের বর্তমান গ্লোবাল প্রেসিডেন্ট ড. ক্লাউডিয়া দুসা-জিগার এবং সাবেক গ্লোবাল প্রেসিডেন্ট অলিভিয়ের দেনু। আন্তর্জাতিক এই দুই শীর্ষ নেতার উপস্থিতি বাংলাদেশের সফটওয়্যার প্রকৌশলীদের জন্য বৈশ্বিক কর্মপদ্ধতি ও সার্টিফিকেশন ইকোসিস্টেম সম্পর্কে সরাসরি অভিজ্ঞতা অর্জনের বড় সুযোগ তৈরি করবে।
আয়োজক সংস্থা বিএসটিবি জানিয়েছে, এ আয়োজনে অ্যাকাডেমিক পার্টনার হিসেবে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এবং এক্সাম ও ডব্লিউবিটি পার্টনার হিসেবে রয়েছে ইন্টারন্যাশনাল সফটওয়্যার কোয়ালিটি ইনস্টিটিউট (iSQI)।
দিনব্যাপী এ সম্মেলনে সফটওয়্যার কোয়ালিটি, টেস্ট অটোমেশন, এআই টেস্টিং, টেস্টিং এআই, এআই অ্যাসুরেন্স, কোয়ালিটি ইঞ্জিনিয়ারিং এবং বৈশ্বিক সফটওয়্যার বাজারে বাংলাদেশের সম্ভাবনাসহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হবে। এতে অংশ নেবেন শীর্ষস্থানীয় সফটওয়্যার প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, ব্যাংকিং খাতের সিআইও ও সিটিও, টেলিকম খাতের ডিজিটাল রূপান্তর বিশেষজ্ঞ, নীতিনির্ধারক, গবেষক এবং সফটওয়্যার প্রকৌশলীরা।
২০৩০ সালের মধ্যে ১০ হাজার সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার তৈরির লক্ষ্য
বিএসটিবি ২০৩০ সালের মধ্যে দেশে ১০ হাজার ‘সার্টিফাইড টেস্ট ইঞ্জিনিয়ার’ তৈরির মহাপরিকল্পনা হাতে নিয়েছে। সংস্থাটির লক্ষ্য কেবল সনদ দেওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং একটি দক্ষ আন্তর্জাতিক ট্যালেন্ট পুল তৈরি করে দেশের প্রযুক্তিপণ্যের গ্রহণযোগ্যতা বৃদ্ধি, ফ্রিল্যান্সিং ও রিমোট ওয়ার্কের প্রসার এবং আন্তর্জাতিক প্রজেক্টের মাধ্যমে রপ্তানি আয় বাড়ানো।
বিএসটিবির প্রেসিডেন্ট ড. এম. নুরুজ্জামান বলেন, “আমাদের লক্ষ্য—স্কিলস থেকে কর্মসংস্থান, মান উন্নয়ন থেকে রপ্তানি (From Skills to Jobs, From Quality to Export)। ভালো সফটওয়্যার টেস্টিং আন্তর্জাতিক অঙ্গনে আস্থা তৈরি করে, যা বাংলাদেশের সফটওয়্যার রপ্তানি বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে।”
সম্মেলনে অংশ নিতে আগ্রহীদের জন্য ইতিমধ্যে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। অংশগ্রহণকারীরা মাস্টারক্লাস, কি-নোট সেশন ও প্যানেল আলোচনার পাশাপাশি নেটওয়ার্কিং, চাকরির সুযোগ অন্বেষণ এবং আইএসটিকিউবির গ্লোবাল প্রেসিডেন্ট স্বাক্ষরিত সনদপত্র পাওয়ার সুযোগ পাবেন।
বিস্তারিত তথ্য ও নিবন্ধনের জন্য আয়োজকদের নির্ধারিত ওয়েবসাইট sqat.bstb-bd.org ভিজিট করতে হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


