লাকি আক্তারকে গ্রেপ্তারের দাবি

শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের

দেশবিদ্রোহী ষড়যন্ত্র রুখতে শাহবাগের গণজাগরণ মঞ্চের লাকি আক্তারসহ আওয়ামী ফ্যাসিবাদের সেবাদাস দেশদ্রোহীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে শাহবাগে লাগাতার অবস্থান কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। যতদিন পর্যন্ত লাকি আক্তার গ্রেপ্তার না হবে, আওয়ামী লীগ রাজনৈতিক দল হিসেবে নিষিদ্ধ না হবে ততদিন এই কর্মসূচি চলমান থাকবে বলেও জানান সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।

বিজ্ঞাপন

বুধবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে লাকি আক্তারসহ শাহবাগের সেবাদাসদের গ্রেপ্তারের দাবিতে ছাত্র জনতার মানববন্ধনে এই কর্মসূচি ঘোষণা করেন তিনি।

এসময় ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'শাহবাগ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'ফ্যাসিবাদ না বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ', 'শ তে শাহবাগী, তুই হাসিনা তুই হাসিনা', 'ল তে লাকি আক্তার, তুই হাসিনা তুই হাসিনা', 'বিচার বিচার বিচার চাই, শাহবাগীদের বিচার চাই' প্রভৃতি স্লোগান দেন।

বক্তব্য প্রদানকালে শরীফ ওসমান হাদি বলেন, আমরা শাহবাগ থেকে ইনসাফের বাংলাদেশে যাবো। আমরা আর শাপলায় যাবো না। এসময় শাহবাগী চেতনায় বিশ্বাসীদের উদ্দেশ্য করে তিনি বলেন, মনে করিয়ে দিতে চাই, এটা ২০১৩ সাল নয়। আবার শাহবাগ কায়েমের চেষ্টা করা হয় তাহলে আমরা তোমাদের বিষদাঁত উপড়ে ফেলবো। আমাদের বুকের রক্তের উপর দাঁড়িয়ে শাহবাগ কায়েম করতে হবে।

তিনি আরো বলেন, আমরা আমাদের শরীরের শেষ রক্তবিন্দু থাকতে লাল জুলাইকে বিক্রি হতে দেবো না। দেশে ইনক্লুসিভ রাজনীতির নামে হিন্দুত্ববাদী আধিপত্যের রাজনীতি চর্চা চলবে না। হিন্দুদের পূজায় নিয়ে পূজা করাবা, আর কুরবানী ঈদে দাওয়াত দিলে সাম্প্রদায়িকতা বলবা, এই সাম্প্রদায়িকতা গুনার সময় বাংলাদেশে আর নাই।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র আরো বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন সময়ে রিকশা লীগ, আনসার লীগ, শ্রমিক লীগসহ বিভিন্ন উপায়ে ফেরত আসতে চেয়েছে কিন্তু, তাদের সমস্ত ট্রাম্প কার্ড এদেশের ছাত্র-জনতা ব্যর্থ করে দিয়েছে। বর্তমানে তারা শাহবাগের মাধ্যমে পুনরায় ধর্ষণ ট্রাম্প কার্ড খেলার চেষ্টা করছে। এবারও ছাত্রজনতা তাদেরকে ব্যর্থ করে দিবে।

এসময় শাহবাগীরাই মবতন্ত্রের সূচনকারী ছিলো উল্লেখ করে সংগঠনটির কেন্দ্রীয় সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বলেন, লাকি আক্তারের এখন জেলে থাকার কথা থাকলেও সে এখন আমাদের মবতন্ত্রের বাণী শোনায়। মবতন্ত্রের সূচনাকারী ছিলো এই লাকিরা। এই মবতন্ত্রের মাধ্যমে তখন মাদ্রাসার নিরীহ ছাত্রদের হত্যা করা হয়েছে। লাল জুলাইয়ের মাধ্যমে অর্জিত স্বাধীন বাংলাদেশে শাহবাগের কবর রচনা হয়েছে। এসময় তিনি আরো বলেন, আমাদের শহীদের একবিন্দু রক্ত থাকতে শাহবাগ কায়েম হতে দেবো না।

এসময় সংগঠনটির ঢাবি শাখার সদস্য সচিব ফাতেমা তাসনিম জুমা বলেন, শাহবাগীদের বিচার নিশ্চিত করতে হবে। দেশব্যাপী ধর্ষণের ঘটনায় বর্তমান সরকার কাজ করে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ধর্ষণের ঘটনায় সরকার সংশ্লিষ্টদের গ্রেফতার করেছে। সরকার পদক্ষেপ নিলেও ধর্ষণকে ভিত্তি করে শাহবাগীরা তারা পুনরায় শাহবাগ কায়েম করতে চাচ্ছে তা আর হতে দেবো না।

এ সময় ঢাবি শিক্ষার্থী এবি জুবায়ের বলেন, লাকি আক্তারের মিছিলে অংশ নিয়ে শাহবাগে কর্মসূচি ঘোষণার বিষয়টি আর এখন ছোটো পরিসরে নাই। এই লড়াই জুলাই বানাম শাহবাগীর লড়াই হয়ে দাঁড়িয়েছে। যারা আমাদের সামনে ফ্যাসিবাদের বয়ান নিয়ে এসেছে তাদেরকে দেশে রাখিনি। এই লাকিদেরও আমরা রাখবো না। তিনি আরো বলেন, শাহবাগীরা ঘুড়ি উড়াচ্ছে বাংলাদেশে, আর নাটাই রয়েছে দিল্লিতে৷ এসময় দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।

এসময় সংগঠনটির মুখপাত্র পাঁচ দফা দাবি পেশ করেন। পাঁচটি দফা হলো-

১. ধর্ষণের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠন করে ৯০ দিনের মধ্যে মামলা নিস্পত্তির ব্যবস্থা করতে হবে। একই সাথে কেউ মিথ্যা ধর্ষণ মামলা করলে তাকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।

২. বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিশাবে মব তৈরি করে দায়িত্বরত নিরস্ত্র পুলিশের উপর হামলাকারীদেরকে দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে হবে।

৩. অবিলম্বে শাপলার কসাই লাকি আক্তার ও তাদের রাষ্ট্রদ্রোহী দোসরদের গ্রেফতার করে শাহবাগের ২০১৩ সালের রাষ্ট্রবিরোধী সকল ষড়যন্ত্র উন্মোচন করতে হবে।

৪. জাতিসংঘকে অন্তর্ভুক্ত করে শাপলা ও পিলখানা তদন্ত কমিশন গঠন করে এই দুই গণহত্যার সুষ্ঠু বিচার করতে হবে।

৫. অবিলম্বে জুলাই গণহত্যার এর দৃশ্যমান বিচারিক কার্যক্রম শুর করে গণহত্যাকারী দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন