নারী ও শিশু নির্যাতন বন্ধে ৬ দফা দাবি নারী অধিকার সংগঠনের

নারী ও শিশু নির্যাতন বন্ধে ৬ দফা দাবি নারী অধিকার সংগঠনের

নারী ও শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা এবং দোষী ব্যক্তিদের অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করাসহ ছয় দফা দাবি জানিয়েছে নারী অধিকার আন্দোলন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে শিশু আছিয়াসহ অসংখ্য নারী ও শিশু নির্যাতনের প্রতিবাদ এবং দায়ীদের শাস্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে এসব দাবি জানানো হয়।

মানববন্ধনে বিভিন্ন বয়স, শ্রেণি-পেশার কয়েকশ নারী অংশগ্রহণ করেন। এ সময় তারা ‘নারী অধিতার আন্দোলন, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘নির্যাতন ও ধর্ষণকারীদের, শাস্তি চাই শাস্তি চাই’, ‘নারী শিশুদের সুরক্ষা দিতে হবে দিতে হবে’, ‘ধর্ষকদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’ ইত্যাদি শ্লোগান দিতে থাকেন।

এ সময় নারী অধিকার আন্দোলনের সভানেত্রী, প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ মিসেস মমতাজ মান্নান বলেন, এক সময় বাংলাদেশে এসিড নিক্ষেপের প্রবণতা ছিল। কিন্তু দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের মাধ্যমে তা কমানো গেছে। আমরা আশা করব ধর্ষকদের, নারী ও শিশু নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হবে। তাহলেই তারা আর নির্যাতন করার, ধর্ষণ করার সাহস পাবে না।

দ্রুত বিচারের আবেদন জানিয়ে তিনি বলেন, আছিয়ার সঙ্গে হওয়া অপরাধের বিচার কাজ দ্রুততম সম্পন্ন করে অপরাধীদের শাস্তি কার্যকর করবেন। আমরা এই আবেদন জানাচ্ছি। আসুন আমরা আমাদের বিবেককে জাগ্রত করি এই সব অপকর্ম অত্যাচারের বিরুদ্ধে সামাজিক দৃষ্টিভঙ্গি পাল্টাই।

দাবিগুলো হলো— নারী ও শিশু নির্যাতন বন্ধে বিদ্যমান আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করা; দোষী ব্যক্তিদের অতিদ্রুত আইনের আওতায় এনে যথা সময়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা; বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারকার্য পরিচালনা করা; শরিয়াহ আইনের মাধ্যমে এই নিকৃষ্ট কাজের বিচার করা যেতে পারে; নারী ও শিশুর প্রতি পাশবিক অত্যাচার দমনে কঠোর দণ্ডবিধি প্রয়োগ করা; এবং এই দণ্ড প্রকাশ্যে কার্যকর করা যাতে ভবিষ্যতে এই ধরনের অন্যায় কাজ করতে কেউ সাহস না পায়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারী অধিকার আন্দোলনের সহসভানেত্রী, ঢাকা মেডিকেল কলেজের সাবেক বিভাগীয় প্রধান ডা. নাঈমা মোয়াজ্জেম, সাধারণ সম্পাদক নূরুন্নাহার, লালমাটিয়া মহিলা কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক আফিফা মুশতারী, বিশিষ্ট চিকিৎসক ডা. তাহেরা বেগম, ড. শারমিন ইসলাম, বিশিষ্ট লেখিকা নুরুন্নাহার খানম নীরু, সৈয়দা শাহীন আকতার, ড. সাজেদা হুমাইরাসহ নারী অধিকারের নেতৃবৃন্দ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন