কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

কারওয়ান বাজারে পুলিশের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তার ২

রাজধানীর কাওরান বাজার এলাকায় পুলিশের ওপর হামলার ঘটনায় জড়িত প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। র‌্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেন- মো. শাহীন আলম (২৭) ও মো. দিন ইসলাম কালুকে (২৩)।

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২৫ ফেব্রুয়ারি তেজগাঁও থানার একটি টহল দল কাওরান বাজার এলাকায় টহল দিচ্ছিলো। এ সময় চিহ্নিত মাদক কারবারি মো. শাহীন আলমকে মাদক বিক্রির সময় হাতেনাতে আটক করে পুলিশ।

আটকের পর শাহীন পালানোর চেষ্টা করে এবং চিৎকার করে অন্য মাদক ব্যবসায়ীদের ডেকে আনে। তারা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র, চাপাতি ও ছুরি নিয়ে পুলিশের ওপর হামলা চালায় এবং শাহীনকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় তেজগাঁও থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

এ ঘটনার পর র‍্যাব-২ আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দুপুরে কাওরান বাজার এলাকায় অভিযান চালিয়ে প্রধান দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে র‍্যাব জানিয়েছে, শাহীন আলম কাওরান বাজার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার নেতৃত্বে চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালিত হতো। তার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মাদক ও দস্যুতা মামলা রয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন