রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত নারী নিহত

রাজধানীর কাওলা এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর। তার পরনে রয়েছে বোরখা। বুধবার সকাল ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক বেলা ১১টার দিকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ওই নারীকে হাসপাতালে নিয়ে আসা পথচারী রফিকুল ইসলাম বলেন, সকাল ৮টার দিকে কাওলা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচের সড়কে বাসের ধাক্কায় ভাড়াকৃত মোটরসাইকেলের পেছন থেকে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন অজ্ঞাতনামা ওই নারী। মোটরসাইকেলচালক সামান্য আহত হলেও সেখান থেকে চলে যান। এ সময় আহত ওই নারীকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে। নিহত ওই নারীর পরিচয় জানার চেষ্টা চলছে।’

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন