বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগরীর সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের আরেকটি ভাড়া বাসার সন্ধান পেয়েছে পুলিশ।
গ্রেপ্তার রিয়াদের দেয়া তথ্য মতে, রাজধানীর বাড্ডার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে দুই লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ।
বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি জানান, বাড্ডা এলাকায় ৪ রুম বিশিষ্ট একটি ফ্লাটের এক রুমে থাকতেন রিয়াদ। তার দেয়া তথ্য মতে, সেখানে অভিযান চালিয়ে ২ লাখ ৯৮ হাজার টাকা উদ্ধার করে পুলিশ।
এর আগে গত ২৯ জুলাই রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে ৪টি চেক উদ্ধার করে পুলিশ। চেক ৪টিতে মোট সোয়া দুই কোটি টাকা লেখা ছিল। চেকগুলো জনতা ব্যাংকের। ২টি চেকে ১ কোটি করে ২ কোটি, ১টি চেকে ১৫ লাখ এবং অন্যটিতে ১০ লাখ টাকার পরিমাণ লেখা আছে। তবে চেকে কোনো তারিখ উল্লেখ নেই। ব্যাংক অ্যাকাউন্টটি খোলা হয়েছে ট্রেড জোন নামে। ট্রেড জোনের স্বত্বাধিকারীর নাম আবুল কালাম আজাদ।
বুধবার ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, চাঁদা দাবির ঘটনায় গ্রেপ্তার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদের বাসা থেকে ২ কোটি ২৫ লাখ টাকার ৪টি চেক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কলাবাগান থানায় পৃথক একটি মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন।
আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির ঘটনায় সংগঠন থেকে তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
গত ফেব্রুয়ারিতে সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখার যে আহ্বায়ক কমিটি ঘোষণা করেছিল, সেই কমিটির যুগ্ম আহ্বায়ক করা হয়েছিল আবদুর রাজ্জাককে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

