ঢাকার ডেমরায় নির্মাণাধীন তিনটি ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙার নির্দেশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বুধবার সকালে সংস্থাটির পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেনের নেতৃত্বে বামৈল স্টাফ কোয়ার্টার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ‘ক্ষণিকালয়’ নামের একটি বহুতল ভবনের নকশাবহির্ভূত অংশ ভাঙার নির্দেশনা দেয় রাজউক। পাশাপাশি ভবনটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
এ সময় একই অপরাধে পাশের আরেকটি ভবন ভাঙার নির্দেশ ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া আরেকটি নির্মাণাধীন ভবনের সামনের সব কটি কলাম কাটার নির্দেশ ও তাদের সতর্ক করা হয়।
রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন বলেন, বাসযোগ্য নগরী গড়ে তোলার জন্য কঠোরভাবে অভিযান পরিচালনা করা হবে। রাজউকের যোগসাজশে যদি কোনো নিয়মের ব্যত্যয় হয়, তবে তাকেও আইনের আওতায় আনা হবে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

