ভারী বৃষ্টির শব্দে সোমবার ভোরে ঘুমভাঙ্গে রাজধানীবাসীর। ভোর থেকে টানা বৃষ্টিতে ঢাকার রাস্তাজুড়ে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরসমান পানি জমে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে স্কুল-অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। যান চলাচলও প্রায় অচল ছিল অনেক এলাকায়। দীর্ঘসময় গোটা নগরীজুড়েই এমন দৃশ্য লক্ষ্য করা গেছে। অবশ্য আবহাওয়া অধিদপ্তর আগেই পূর্বাভাস দিয়েছিল সোমবার থেকে বৃষ্টি বাড়ার।
মেঘলা আকাশ আর বজ্র-বৃষ্টিতে ভোর থেকেই ধীর হয়ে আসে নগরীর গতি। সকাল পৌনে ছয়টা থেকে মুষলধারে বৃষ্টি শুরু হলে সকাল সাড়ে ৭টার মধ্যেই রাজধানীর বিভিন্ন সড়ক পানিতে তলিয়ে যায়। সোমবার সকালে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়। রোববার রাত থেকে বৃষ্টি শুরু হলেও সোমবার ভোরের দিক থেকে বৃষ্টির পরিমাণ বেড়ে যায়। এর কারণে নগরীর বেশিরভাগ এলাকায় পানি জমে যায়।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান বলেন, মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টি। সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীতে ৩ ঘণ্টায় ৭১ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আর রোববার দিবাগত রাত ১২টা থেকে সকাল ৯টা নাগাদ ৯ ঘণ্টায় ১০৫ মিলিমিটার বৃষ্টি হয়। আর ২৪ ঘণ্টায় রাজধানীতে বৃষ্টি হয়েছে ১০৮ মিলিমিটার। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টি হয় গোপালগঞ্জ ও ফেনীতে ১১৩ মিলিমিটার। এছাড়া আবহাওয়া অধিদপ্তরের ৫১টি সেন্টারের ১১টি বাদে সব ক’টি এলাকায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল অঞ্চলে বেশি বৃষ্টি হয়েছে।
আবহাওয়া দপ্তরের মতে, কোনো এলাকায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি হলে তাকে ভারী বৃষ্টি বলা হয়। আর এর বেশি হলে তাকে অতি ভারী বৃষ্টি বলে গণ্য করা হয়। সেদিক থেকে রাজধানীতে অতিভারী বৃষ্টিতে নিউমার্কেট, জিগাতলা, বংশাল, চকবাজার, গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড, ধানমন্ডি, উত্তরা, বাড্ডা,মিরপুর, কাজীপাড়া, পল্লবী, উত্তরার কোথাও হাটুপানি কোথাও কোমর পানির জলাবদ্ধতা দেখা দেয়। এতে স্কুল-অফিসগামী মানুষ ভোগান্তিতে পড়েন। জলাবদ্ধতার কারণে রিকশা ও যান-চলাচল কার্যত অচল হয়ে পড়ে। এতে অনেককে হেঁটেই গন্তব্য যেতে হয়।
টানা বর্ষণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। ফলে টার্মিনালে ঢুকতে এবং বের হতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এছাড়া টার্মিনালের সামনে জলাবদ্ধতার কারণে বেশ কয়টি গাড়ির ইঞ্জিনে পানি ঢুকে বন্ধ হয়ে গেছে।
কয়েকদিনের টানা গরমের পর এই বৃষ্টি যেন নগরবাসীর ভোগান্তি বেড়ে যায়। সকালে থৈ থৈ পানিতেই অনেক সড়কে বাস, প্রাইভেটকার ও অটোরিকশাসহ বিভিন্ন ধরনের যান আটকে থাকতে দেখা যায়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, সোমবার উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘূচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, লঘূচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারী অবস্থায় রয়েছে। পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর বঙ্গোপসাগর এলাকায় ২৪ সেপ্টেম্বর দিকে আরেকটি লঘূচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এটি ঘণীভূত হতে পারে। এর প্রভাবেই ভারী থেকে অতিভারী বৃষ্টি ঝরাচ্ছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর পুনঃ তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ মা দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
দক্ষিণ সিটি কর্পোরেশন
মুষলধারে বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার পানি নামতে কয়েক ঘণ্টা সময় লাগে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার রাত থেকে রাজধানীতে বজ্রসহ মুষলধারে বৃষ্টির ফলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বেশ কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হয়। এতে সিটি করপোরেশনের আওতাভুক্ত এলাকায় জলাবদ্ধতা নিরসনে প্রতিটি ওয়ার্ডে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা কাজ করে। এছাড়া ওয়ার্ড-ভিত্তিক ইমার্জেন্সি রেসপন্স টিম কাজ করে। গ্রিন রোড, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, শান্তিনগর, বেইলি রোড, কাকরাইল, পল্টন, সাত মসজিদ রোড, ধানমন্ডি এলাকার জলাবদ্ধতার সমস্যা এরই মধ্যে সমাধান হয়েছে। তবে পানি নির্গমনের আউটলেট অংশ এবং খাল-নদীর অংশের পানির লেভেল প্রায় একই। এ কারণে পানি নিষ্কাশনের ধীরগতি ছিল। কিছু এলাকার পানি নামতে কয়েক ঘণ্টা সময় লেগে যায়। এসব এলাকা থেকে অস্থায়ী পোর্টেবল পাম্পের মাধ্যমে দ্রুত পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে।
কমলাপুরে স্থাপিত হাই প্রেসার ভার্টিক্যাল পাম্পের মাধ্যমে দ্রুত পানি নামানোর কাজ করে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে সার্বিক পরিস্থিতি তদারকি করা হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

