আল্লামা সাজিদুর রহমান

১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানীদের ‘মুখোশ উন্মোচন’ হবে

১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানীদের ‘মুখোশ উন্মোচন’ হবে

কাদিয়ানী সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা এবং তাদের প্রকাশিত বই-পুস্তক নিষিদ্ধের দাবিতে আগামী ১৫ আগস্ট রাজধানীর রমনায় অবস্থিত ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে অনুষ্ঠিতব্য ‘জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন’-এর প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুর ৩টায় আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয় মাখজানুল উলূম, খিলগাঁওয়ে সংগঠনের কেন্দ্রীয় কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আল্লামা শায়েখ সাজিদুর রহমান।

বিজ্ঞাপন

সভায় আগামী ১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলনের সার্বিক প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম এবং সম্মেলন সফল করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে আল্লামা শায়েখ সাজিদুর রহমান বলেন, ‘আগামী ১৫ আগস্টের উলামা মাশায়েখ সম্মেলনে কাদিয়ানী সম্প্রদায়ের ঈমানবিধ্বংসী কার্যক্রম ও তাদের প্রতারণার মুখোশ দেশ ও জাতির সামনে উন্মোচিত হবে, ইনশাআল্লাহ। ঈমান-আকিদা রক্ষায় দেশের উলামায়ে কেরাম এক ছাতার নিচে এসে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলবেন।’

তিনি বলেন, ‘এই সম্মেলন দেশের আলেম সমাজের ঐক্য ও ঈমান-আকিদা রক্ষার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

বৈঠকে নেতৃবৃন্দ জানান, সম্মেলন সফল করতে ইতোমধ্যে হলরুম বুকিং, দেশের শীর্ষস্থানীয় উলামায়ে কেরামকে আমন্ত্রণ জানানো এবং সাংগঠনিক প্রস্তুতির বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, আল্লামা শায়েখ সাজিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্মবিষয়ক মন্ত্রী মোফাজ্জল হোসাইন কাইকোবাদ।

সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও সংগঠনের মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানী বলেন, ‘১৫ আগস্টের সম্মেলন সফল করার লক্ষ্যে ঢাকা মহানগরীর ১০টি জোন এবং ঢাকা জেলা উত্তর, দক্ষিণ ও পূর্ব জোনে নিয়মিত মতবিনিময় সভা করা হচ্ছে। ইতোমধ্যে মিরপুর, লালবাগ, গুলিস্তান, যাত্রাবাড়ী ও উত্তরা জোন এবং ঢাকা জেলা উত্তরের সাভার, আশুলিয়া ও ধামরাই জোনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বাকি জোনগুলোতেও ধারাবাহিকভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আসন্ন উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে দেশের সর্বস্তরের আলেম-উলামা ও ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

সভায় সংগঠনের ঢাকা মহানগর সভাপতি মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, যুগ্ম মহাসচিব মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা আব্দুল কাইয়ুম সুবহানী, মুফতী বশিরুল্লাহ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা মুজিবুর রহমান হামেদীসহ কেন্দ্রীয় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে আগামী ১৫ আগস্টের জাতীয় উলামা মাশায়েখ সম্মেলন সফল করতে প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়।হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন