নটরডেম কলেজ ভবন থেকে পড়ে এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহতের নাম ধ্রুব ব্রতদাস (১৮)। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের প্রবেশপথ বিতরণের দিন ধার্য ছিলো সোমবার। প্রবেশপত্র নিতে এসে শেষ পর্যন্ত লাশ হয়ে ফিরলেন ধ্রুব ব্রত দাস। নিহত শিক্ষার্থী বিজ্ঞান বিভাগের পরীক্ষার্থী ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্র জানায়, গুরুতর আহত অবস্থায় ধ্রুব ব্রত দাসকে প্রথমে স্থানীয় হাসপাতাল নেয়া হয়। সেখান থেকে বিকেল সোয়া ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গাইবান্ধা সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের বানি ব্রত দাসের ছেলে ধ্রুব ব্রত দাস। দুই ছেলের মধ্যে সে ছিল বড়। রাজধানীর গোপীবাগ এলাকায় পরিবারের সাথে থাকতেন ওই শিক্ষার্থী।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
নটরডেম কলেজের শিক্ষার্থী নাফিজ রহমান ঢামেক হাসপাতালে বলেন, আমরা হঠাৎ একটি শব্দ পাই। বাহিরে গিয়ে দেখি সে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে আছে। পরে আমরা উদ্ধার করে নিয়ে আসি। তাদের ধারণা হয়তো ভবনের বারান্দা থেকে অসাবধানতাবশত নিচে পড়ে গেছে।
মৃতের বাবা বানি ব্রত দাস বলেন, আমি কলেজের গেইটের বাহিরে ছেলের জন্য অপেক্ষা করছিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে দেয়া হয়। তখন দেখতে পাই বেশ কিছু সংখ্যক ছাত্র আমার ছেলেকে উদ্ধার করে নিয়ে আসে। সহপাঠীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল নিয়ে যান। সেখান থেকে বিকেল সোয়া ৪টায় ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা নিরিক্ষার পর মৃত ঘোষণা করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

