কদমতলীতে কিশোরীর আত্মহত্যা

রাজধানীর কদমতলীতে আলো (১৪) নামে এক কিশোরী ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় কদমতলীর শনিরআখড়া রায়েরবাগ এলাকার ভাড়াবাসায় এ ঘটনা ঘটে। আলো স্থানীয় একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রী ছিল বলে জানা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে পরিবারের অন্য সদস্যরা বাড়ির অপর অংশে থাকাকালীন আলো নিজের ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে ফাঁস লাগায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত সাড়ে সাতটায় আলোকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

নিহতের মা শান্তা বেগম জানান, কী কারণে মেয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে, তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেননি। আলো পরিবারের সঙ্গে ওই ভাড়াবাসায় থাকত। তার বাবা রাসেল মিয়া পেশায় একজন গাড়িচালক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন