রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ‘পানি রুবেল গ্যাং’ এর পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. লায়েছ (২৫), মো. শাহিন ওরফে অটো শাহীন (২০), মো. শুভ (১৯), মো. আব্দুল আলিম (২৮) ও মো. মিলন হোসেন (২৮ )। গতকাল রোববার মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
সোমবার ডিএমপির মিডিয়া বিভাগ থেকে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা ও বাবর রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।
চাপাতিসহ বিভিন্ন ধারালো অস্ত্র দিয়ে রাস্তায় চলাচলকারী নিরীহ জনসাধারণকে জিম্মি করে নিয়মিত ছিনতাই করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে তারা। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

