রাজধানীর দক্ষিণ কমলাপুর এলাকার একটি বাসায় দেবরের ছুরিকাঘাতে ভাবি আয়েশা খানম মনির (৪৫) মৃত্যু হয়েছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহতের ছেলে মাহাদি হাসান ঢামেক হাসপাতালের মর্গে সাংবাদিকদের জানান, আমার চাচা মাসুদ হাওলাদার গেন্ডারিয়ার একটি সরকারি কলেজে শিক্ষকতা করেন। সকালে বাসার গেটের সামনে আমার আম্মা দাঁড়িয়ে ছিলেন। আমার আম্মা কোনো কিছু বোঝার আগেই আমার চাচা আম্মাকে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় আমার আম্মাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কী- কারণে আমার আম্মাকে ছুরিকাঘাত করে হত্যা করেছে এ বিষয়ে আমরা এখন কিছু বলতে পারব না।
তিনি আরও জানান, আমাদের নিজ বাসা দক্ষিণ কমলাপুরে কবরস্থান গলি এলাকার ১৭১/৩ নম্বরে। আমার বাবার নাম নাসির উদ্দিন মামুন। আমার বাবা ঢাকা ব্যাংককে চাকরি করেন। আমরা এক ভাই এক বোন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
তবে নিহতের ছোট দেবর আবু জাফর জানান, দক্ষিণ কমলাপুর কবরস্থান গলির ১৭১/৩ নম্বর তাদের নিজেরদের বাড়ি। তারা ৩ ভাই। তিনি ও তার ছোট ভাই পরিবার নিয়ে ওই বাড়িতে থাকেন। আর তার বড় ভাই, ভাবি আয়েশা খানম মনি ও তাদের দুই সন্তান থাকেন পাশের একটি বাড়িতে। সকালে সেই বাড়ি থেকে শাশুড়িকে দেখতে আসছিলেন আয়েশা। এ সময় বাড়ির সামনেই মেজ দেবর মাসুদ হাওলাদার তাকে হঠাৎ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে মাটিতে লুটিয়ে পড়লে মাসুদ দৌড়ে পালিয়ে যায়। তিনি আরও জানান, মাসুদ মানসিক ভারসাম্যহীন। এরআগেও এলাকায় কয়েকজনকে মারধর করেছেন। তবে ভাবী আয়েশা খানমের সঙ্গে তার কোনো দ্বন্দ্ব ছিল না।
তিনি আরও বলেন, মাসুদের স্ত্রীর সঙ্গে কারো কোনো কথা কাটাকাটি বা ঝগড়া হলে তাকেই টার্গেট করত মাসুদ। এর বাইরে কোনো কারণ রয়েছে কী-না সেটি জানাতে পারেনি। আয়েশার মেয়ে মেয়ে মিথিলা সিদ্ধেশ্বরী গার্লস কলেজে অনার্স তৃতীয়বর্ষের শিক্ষার্থী আর ছেলে মাহদি হাসান মাফি বিএএফ শাহিন কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের শিক্ষার্থী।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

