অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয় যমুনা অভিমুখে পদযাত্রা ও ঘেরাওয়ের আল্টিমেটাম দিয়েছেন চাকরিচ্যুত, কারামুক্ত বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে অবস্থান নিয়েছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা। সরকারের পক্ষ থেকে আজ দুপুর ১২টার মধ্যে দাবি পূরণ না করলে পদযাত্রা শুরু করবেন বলে জানিয়েছেন তারা।
এর আগে গতকাল সোমবার সকালে রাজধানীর জাতীয় শহীদ মিনার থেকে তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি শুরু করেন চাকরিচ্যুত বিডিআর সদস্য ও কারাবন্দি বিডিআর সদস্যদের সন্তানরা। পরে শাহবাগ থানার সামনে তাদের পদযাত্রা এলে পুলিশের ব্যারিকেডের কারণে তারা এগোতে পারেননি।
‘জাস্টিস ফর বিডিআর’ ব্যানারের অধীনে আয়োজিত এ কর্মসূচিতে বহিষ্কৃত ও কারাবন্দি বিডিআর সদস্যদের পরিবারের পক্ষ থেকে ঘোষণা করা তিন দফা দাবি হলো— পিলখানা হত্যাকাণ্ডের বিচারের পুনর্বিবেচনা; নিরপরাধ কারাবন্দিদের মুক্তি; ও চাকরিচ্যুত সদস্যদের ক্ষতিপূরণ ও চাকরিতে পুনর্বহাল।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

