পুরান ঢাকার ধোলাইখাল সড়কে ধস, যান চলাচল বন্ধ

প্রতিনিধি, জবি

পুরান ঢাকার ধোলাইখাল সড়কে ধস, যান চলাচল বন্ধ

রাজধানীর পুরান ঢাকার ধোলাইখালে সম্প্রতি সংস্কারকাজ শেষ হওয়া সড়ক ধসে পড়েছে। এতে সড়কটি দিয়ে যান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তবে সড়ক ধসের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সোমবার নারিন্দা মোড়সংলগ্ন এলাকায় গিয়ে দেখা যায়, রায়সাহেব বাজার থেকে মুরগিটোলামুখী সড়কের আইল্যান্ডঘেঁষা একটি অংশ ধসে গিয়ে বড় গর্ত তৈরি হয়েছে। দুর্ঘটনা এড়াতে ধসে যাওয়া অংশের দুইপাশে ব্যারিকেড দেওয়া হয়েছে। এক পাশ দিয়ে যানবাহন চলাচল করায় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে।

বিজ্ঞাপন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) বলছে, ওয়াসার পুরোনো পানির পাইপে লিকেজ থেকে মাটি সরে যাওয়ায় এ ধসের ঘটনা ঘটেছে। ক্ষতিগ্রস্ত অংশ মেরামতে কাজ শুরু হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে টানা বৃষ্টির সময় হঠাৎ করেই সড়কের মাঝামাঝি অংশ নিচের দিকে দেবে যায়। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজন মিলে যান চলাচল নিয়ন্ত্রণে আনেন এবং ধসে যাওয়া অংশ ঘিরে নিরাপত্তার ব্যবস্থা নেন।

স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান বলেন, ‘রোববার বেলা ৩টার দিকে হঠাৎ করেই রাস্তার আইল্যান্ডের পাশের অংশ নিচে দেবে যায়। কাছে গিয়ে দেখি বড় একটি গর্ত তৈরি হয়েছে। পরে দুর্ঘটনা এড়াতে পুলিশকে খবর দেওয়া হয়।’

ঘটনার পর সোমবার ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে সংস্কারকাজ শুরু করেন।

সংস্কারকাজের দায়িত্বে থাকা ডিএসসিসির সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার মো. তারেক হোসেন জানান, সড়কের নিচের মাটি সরে যাওয়ায় একটি অংশ হেলে পড়ে ধসের সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াসার প্রায় ২০ থেকে ৩০ বছর পুরোনো পানির পাইপে লিকেজ থাকায় দীর্ঘদিন ধরে মাটি ক্ষয় হয়েছে। এতে সড়কের নিচে ফাঁপা জায়গা তৈরি হয়ে একপর্যায়ে ধস নামে।

তিনি বলেন, ‘বিষয়টি জানার পরপরই আমরা সংস্কারকাজ শুরু করেছি। মূল মেরামতের কাজ শেষ করতে দুই থেকে তিন দিন লাগবে। তবে কংক্রিটের কিউরিংসহ পুরো কাজ শেষ করে সড়ক পুরোপুরি যান চলাচলের উপযোগী করতে প্রায় ১০ দিন সময় লাগতে পারে।’

এখন পুরো রাস্তা বন্ধ রাখা হয়েছে। তবে জনদুর্ভোগ কমাতে পুরো সড়ক বন্ধ রাখা হবে না। একপাশ দিয়ে যান চলাচল সচল রেখে অন্য পাশে মেরামতের কাজ চালানো হবে। যোগ করেন তিনি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...