নগর ভবনে ১৮ দিন ধরে ঝুলছে ইশরাক সমর্থকদের তালা

নগর ভবনে ১৮ দিন ধরে ঝুলছে ইশরাক সমর্থকদের তালা

বিএনপি নেতা ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) নগর ভবন ১৮তম দিনেও তালাবদ্ধ ছিল। এতে নগর ভবনে এক ধরনের স্থবির অবস্থা বিরাজ করেছে। অবস্থান কর্মসূচির কারণে বন্ধ ছিল সব ধরনের নাগরিক সেবা। এতে ভোগান্তিতে পড়েছেন সেবাপ্রত্যাশীরা।

গতকাল সোমবার নগর ভবনে আগের ধারাবাহিকতায় অবস্থান কর্মসূচি পালন করে সংস্থাটির কর্মচারীরা।

বিজ্ঞাপন

এর সঙ্গে ঢাকাবাসীর ব্যানারে নগর ভবনে একত্রিত হয় ইশরাকের অনুসারীরাও। ফলে গত ১৮ দিন ধরে নগরভবনসহ ১০ আঞ্চলিক কার্যালয়ে সেবা বন্ধ রয়েছে। গত ১৪ মে থেকে ইশরাকের পক্ষে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তার সমর্থকরা।

ভুক্তভোগী ও ডিএসসিসি সংশ্লিষ্টরা বলেছেন, আন্দোলনের কারণে কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার, তা নিতে পারছে না কর্তৃপক্ষ। কোরবানির হাট ব্যবস্থাপনাসহ সেবা স্বাভাবিক করতে নগর ভবন খুলে দেওয়া প্রয়োজন হলেও কবে খুলবে তা কেউই বলতে পারছে না। অফিস বন্ধ থাকায় সব ধরনের সেবা ব্যাহত হচ্ছে। জন্ম-মৃত্যু ও তালাক নিবন্ধন, হোল্ডিং ট্যাক্স পরিশোধ সম্পূর্ণ রূপে বন্ধ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো বিল তুলতে পারছে না। সরকারি অর্থায়নে বাস্তবায়িত প্রকল্পগুলোর বিল জুনের মধ্যে দিতে না পারলে তা সরকারি কোষাগারে ফেরত গেলে জটিলতা বাড়বে।

ডিএসসিসির সাবেক মেয়র তাপস যেদিন চেয়ারে বসেছিলেন সেই তারিখ অনুযায়ী গত রোববার মেয়র পদের ৫ বছর পূর্ণ হয়েছে। ফলে মেয়র পদে গেজেট পেলেও মেয়াদ শেষ হলো বিএনপি নেতা ইশরাক হোসেনের।

ইশরাক ইস্যুতে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ গণমাধ্যমকে বলেছেন, ইশরাকের ব্যাপারে আদালতের কোনো নির্দেশনা এখনো পাইনি। অবজারভেশন ও নির্দেশনা যেটা আসবে সেই অনুযায়ী আমাদের এখান থেকে ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে গতকাল সকাল থেকে নগর ভবনের ভেতরের ফটকের সিঁড়িতে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন ইশরাকের সমর্থক ও করপোরেশনের শ্রমিক ইউনিয়নের কর্মচারীরা।

কর্মসূচিতে অংশ নেওয়া ইশরাক সমর্থকরা জানান, কী কারণে মেয়র হিসেবে ইশরাক ভাইয়ের শপথ পড়ানো আটকে আছে জানা নেই। জনগণের মেয়র ইশরাক, প্রতিটি নগরবাসী ইশরাক ভাইকে মেয়র হিসেবে চায়। দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবনের সব সেবাকার্যক্রম বন্ধ করে আন্দোলন চলবে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন