সন্ত্রাসীরা পিস্তল ব্যবহার করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

সন্ত্রাসীরা পিস্তল ব্যবহার করেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘হালকা অস্ত্র নিয়ে না, যে পরিমাণ প্রয়োজন, অস্ত্র দরকার, ওই পরিমাণ নিয়েই কাজ করছে পুলিশ’। সন্ত্রাসীরা ভারী অস্ত্র ব্যবহার করছে কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, সন্ত্রাসীরা ভারী অস্ত্র ইউজ করেনি, পিস্তল ইউজ করেছে’।

বিজ্ঞাপন

রাজধানীর পল্টন থানা এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের ছোড়া গুলিতে ডিবি পুলিশের আহত সদস্যদের দেখতে গিয়ে বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে উপদেষ্টা সাংবাদিকদের এসব কথা বলেন।

দুপুর সোয়া ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন পুলিশ সদস্যদের সার্বিক খোঁজ খবর নেন তিনি। এ সময় ডিএমপি কমিশনার শেখ সাজ্জাত আলীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জানা যায়, বুধবার দিবাগত মধ্যরাতে ডিএমপির পল্টন থানার পাশে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের পিছনের রাস্তায় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে আহত হন ডিবির দুই সদস্য। আহতরা হলেন এএসআই মো. আতিক হাসান ও কনস্টেবল সুজন। গুলিবিদ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

১২ মে সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় মারণাস্ত্র নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছিলেন, “কোনো মারণাস্ত্র আর অস্ত্র পুলিশের হাতে থাকবে না। কিন্তু আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) হাতে থাকবে।”

উপদেষ্টা বলেন, ইনফরমেশন ছিল যে চট্টগ্রাম থেকে একটা একরকম গাড়ি আসতেছে, সেটার ভেতরে ইয়াবা আছে। ফকিরাপুল মোড়ে সেই গাড়িটিকে বাধা দেয়া হলেও সেটি এগিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপর গাড়িটি ধাওয়া করলে ৫-৬শ’ গজ সামনে গিয়ে থেমে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। গুলি করে একজন ইয়াবা ব্যবসায়ী পালিয়ে গেলেও বাকি তিনজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৯ হাজার পিস ইয়াবা।

তিনি জানান, গুলিতে আহত পুলিশের দুই সদস্য আশঙ্কামুক্ত। একজন এএসআই, একজন কনস্টেবল। কনস্টেবল বাঁ পায়ে গুলিবিদ্ধ হয়েছেন। সেটি রিমুভ করা হয়েছে। অন্যদিকে এএসআই পেটের বাম পাশে গুলিবিদ্ধ হয়েছেন। আল্লাহর রহমতে কোনো অর্গানে লাগেনি। অপারেশনের পর তাকে পুলিশ হাসপাতালে নেয়া হবে। বাকি আসামিদের ধরার চেষ্টা চলছে জানিয়ে তিনি বলেন, পুলিশ সাহসিকতার সাথে কাজ করছে। তিনজনকে ধরেছে। মাদক এবং গাড়ি উদ্ধার হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন