ডায়াবেটিস প্রতিরোধে ঢাকায় আন্তর্জাতিক সামিট বৃহস্পতিবার

ডায়াবেটিস প্রতিরোধে ঢাকায় আন্তর্জাতিক সামিট বৃহস্পতিবার

ধর্মীয় প্রতিষ্ঠান ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে বিশ্বের বিভিন্ন দেশে ডায়াবেটিস প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ইন্টারন্যাশনাল প্রিভেনশন সামিট’।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৬ আগস্ট) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শুরু হবে দুই দিনব্যাপী এ সামিট। এতে বাংলাদেশ সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধি ছাড়াও বিশ্বের বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তা ও প্রতিনিধিরা অংশ নেবেন।

সামিটে অংশগ্রহণ করবেন ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশনের (আইডিএফ) প্রেসিডেন্ট পিটার শোয়ার্জ, অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আফতাব আহমাদ খোখার, ওয়ার্ল্ড ডায়াবেটিস ফাউন্ডেশনের (ডব্লিউডিএফ) বোর্ড সদস্য মিজ সোবিয়া আকরাম, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ডেপুটি প্রতিনিধি ড. রাজেশ নরওয়াল, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ তাকাহাশি জুনকোসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

এ ছাড়া ডায়াবেটিস ইন এশিয়া স্টাডি গ্রুপ (ডিএসজি), গ্লোবাল মেটাবলিক হেলথ অ্যালায়েন্স (জিএমএইচএ), ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) এবং বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতারাও সামিটে বক্তব্য রাখবেন।

আয়োজকরা জানান, ডায়াবেটিস প্রতিরোধে ধর্মীয় প্রতিষ্ঠান ও নেতাদের কার্যকর ভূমিকা নিয়ে সামিটে আলোচনা করা হবে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণে আন্তর্জাতিক সহযোগিতার বিষয়গুলোও গুরুত্ব পাবে।

সামিট শেষে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার উচ্চপর্যায়ের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে ‘ঢাকা ঘোষণা’ প্রকাশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হবে।

সামিটে বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি জাতীয় অধ্যাপক একে আজাদ খান ছাড়াও আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের প্রেসিডেন্ট পিটার শোয়ার্জ, ওআইসি’র সহকারী মহাসচিব আফতাব আহমাদ খোখার ও জাইকা'র চিফ রিপ্রেজেন্টেটিভ মিজ তাকাহাশি জুনকোসহ আন্তর্জাতিক অন্যান্য সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন