পল্লবীতে সাংবাদিক সমিতির জমির উন্নয়ন শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা

পল্লবীতে সাংবাদিক সমিতির জমির উন্নয়ন শ্রমিকদের ওপর সশস্ত্র হামলা

মিরপুর পল্লবীর ঝিলপাড় এলাকায় ঢাকা সাংবাদিক সমবায় সমিতির জমিতে উন্নয়ন কাজ চলার সময় সশস্ত্র হামলা চালিয়ে কাজ বন্ধ করে দিয়েছে সশস্ত্র দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার দুর্বৃত্তরা পিস্তল, রামদাসহ ধারালো অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে ভূমির উন্নয়ন কাজে কর্মরত শ্রমিকদের ওপর হামলা চালায়। তারা অকথ্য ভাষায় নির্মাণ শ্রমিকদের গালিগালাজ করে এবং তাদের সাথে আলোচনা না করে কোন উন্নয়ন কাজ করলে জানে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে যায়।

বিজ্ঞাপন

এ ব্যাপারে জমির উন্নয়ন কাজের দায়িত্বপ্রাপ্ত কোম্পানি টি মল্লিক প্রপার্টিস এন্ড এন্টারপ্রাইজ লিমিটেডের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মো: সাদেকুল ইসলাম বাদী হয়ে পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেছেন।

পল্লবী থানার ওসি নজরুল ইসলাম আমার দেশকে বলেন, সাধারণ ডায়েরির কথা তিনি শুনেছেন। ছুটিতে থাকায় এ বিষয়ে পরিদর্শক (তদন্ত) ভালো বলতে পারবেন বলে জানান ওসি। তবে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক (তদন্ত) বলেন, বিষয়টি তিনি জানেন না। তিনি খোঁজ নেবেন।

বিগত বিএনপি সরকারের সময় ২০০৬ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ পল্লবীর ঝিলপাড়স্থ এই ৭ একর জায়গা সিনিয়র সাংবাদিকদের আবাসনের জন্য ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নামে বরাদ্দ দেয়। প্রায় ৩শ সদস্যের এই সমিতি তখন বাজারমূল্যে দাম পরিশোধ করলে গৃহায়ন কর্তৃপক্ষ সমিতিকে জায়গাটি বুঝিয়ে দেয়। কিন্তু ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন স্থানীয় এমপি ইলিয়াস উদ্দিন মোল্লা রাতের অন্ধকারে জমিটি দখল করে নেয়। তিনি তার মাস্তান বাহিনী দিয়ে সেখানে গরুর ফার্ম, রুটির কারখানা এবং সেমিপাকা, আধাপাকা ঘর ও টং এর ঘর তুলে ভাড়া আদায় করে ভোগ দখল করে। গত জুলাই বিপ্লবের মাধ্যমে স্বৈরাচারের পতন হলে হাসিনাসহ অন্যান্য আওয়ামী লীগ নেতাদের মতো ইলিয়াস মোল্লাও এলাকা ছেড়ে পালিয়ে যান। গত ২১ জানুয়ারি প্রশাসনের সহায়তায় জাতীয় গৃহায়ন কতৃপক্ষ পুনরায় জায়গাটি থেকে সমস্ত অবৈধ স্থাপনা উচ্ছেদ করে সমিতিকে বুঝিয়ে দেন। তারপর থেকে জমির উন্নয়ন কাজ চলছিল। এরই মধ্যে আজ বৃহস্পতিবার এই সন্ত্রাসী হুমকির ঘটনা ঘটে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন