আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্নতাকর্মীদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর

স্টাফ রিপোর্টার

ইমাম-মুয়াজ্জিন ও পরিচ্ছন্নতাকর্মীদের কাছে ডিএসসিসির ঈদ অনুদান হস্তান্তর

প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ডিএসসিসি পরিচ্ছন্নতাকর্মীদের নিকট এবং ডিএসসিসির নিজস্ব তহবিল হতে ইমাম-মুয়াজ্জিনদের নিকট পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অনুদান হস্তান্তর করা হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম মঙ্গলবার নগর ভবনে পৃথক দুটি অনুষ্ঠানে এ অনুদান হস্তান্তর করেন।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতাকর্মীদের সম্মান ও সহমর্মিতা জানিয়ে প্রধানমন্ত্রী গত ১৫ মার্চ সিটি কর্পোরেশনের প্রশাসকগণের কাছে অনুদানের চেক তুলে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় হতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মোট ৪,৯৫০ (চার হাজার নয়শত পঞ্চাশ) জন পরিচ্ছন্নতা কর্মীদের অনুকূলে জনপ্রতি ৫০০০/- (পাঁচ হাজার) টাকা করে মোট ২,৪৭,৫০,০০০/- (দুই কোটি সাতচল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা বরাদ্দ দেওয়া হয়। মঙ্গলবার নগর ভবনে ডিএসসিসি প্রশাসক আনুষ্ঠানিকভাবে পরিচ্ছন্নতাকর্মীদের কাছে বরাদ্দকৃত অর্থ তুলে দেন।

বিজ্ঞাপন

পরিচ্ছন্নতা কর্মীদের উদ্দেশে প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী যেমন আপনাদের কাছে ঈদ উপহার তুলে দিয়েছেন, ঠিক তেমনি আপনাদের দায়িত্ব প্রধানমন্ত্রীকে 'ক্লিন সিটি, গ্রিন সিটি উপহার দেওয়া।

পৃথক অনুষ্ঠানে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাধীন ১৮৭০ জন ইমামকে জনপ্রতি ৩০০০/- (তিন হাজার) টাকা এবং ১৮৭০ জন মুয়াজ্জিনকে জনপ্রতি ১৫০০/- (এক হাজার পাঁচশত) টাকা করে মোট ৮৪,৫০,০০০/- (চুরাশি লাখ পনের হাজার) টাকা ঈদ অনুদান হিসাবে হস্তান্তর করা হয়। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিজস্ব তহবিল হতে এ অনুদান প্রদান করা হয়।

ইমাম-মুয়াজ্জিনদের উদ্দেশে প্রশাসক বলেন, নগরীর বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধনে নাগরিকদের সু-অভ্যাস গড়ে তুলতে ইমামদের নেতৃত্ব দিতে হবে। এসময় তিনি পরিচ্ছন্ন নগর গড়তে জনমত তৈরি করতে সুশীল সমাজের অন্যতম অংশ হিসেবে ইমাম-মুয়াজ্জিনদের সহযোগিতা ও পরামর্শ প্রার্থনা করেন।

ঈদ অনুদান প্রদান অনুষ্ঠানে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সচিব মোহাম্মদ নাছিম আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ

এলাকার খবর
Loading...