ঢাকার কেরানীগঞ্জ ইস্পাহানী আমবাগান এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে সীমা আক্তার (৪০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। তার কাছ থেকে দুই হাজার টাকা ও কানের দুল নিয়ে গেছে ছিনতাইকারীরা।
মঙ্গলবার সন্ধ্যার দিকে এই ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বামী আক্তার হোসেন জানান,আমার স্ত্রী মেয়েকে কোচিংয়ে দিয়ে বাসায় ফেরার পথে কেরানীগঞ্জের ইস্পাহানী আমবাগান এলাকায় যাওয়া মাত্রই ছিনতাইকারীরা আমার স্ত্রীকে মাথায় ও শরীরে বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে তার কানের দুল ও সাথে থাকা দুই হাজার টাকা নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি মাদারীপুর সদরের বড় কান্দি এলাকায়। বর্তমানে কেরানীগঞ্জে ইস্পাহানী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতাম। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে । বিষয়টি সংশ্লিষ্ট থানার পুলিশকে অবগত করা হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

