রাজধানীর বিজয় সরণি এলাকায় পেশাগত দায়িত্ব পালনকালে এক নারীকে পুলিশ কর্তৃক মারধরের ভিডিও ধারণ করায় গ্লোবাল টেলিভিশনের মোজো রিপোর্টার বুলবুল হোসেনের ওপর হামলা ও নির্যাতনের অভিযোগ উঠেছে। গত ৪ আগস্ট বিকেলে ২০-২৫ জন পুলিশ সদস্য তাকে ভ্যানে তুলে নিয়ে নির্মমভাবে মারধর এবং শ্বাসরোধ করে হত্যার চেষ্টা চালায় বলে ভুক্তভোগী সাংবাদিক ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন।
বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেলে রমনাস্থ ডিএমপি হেডকোয়ার্টার্সে কমিশনারের কাছে তিনি অভিযোগটি দেন।
অভিযোগপত্র থেকে জানা যায়, গত ৪ আগস্ট বিকেল প্রায় ৫টা ৩০ মিনিটে বিজয় সরণি সিগন্যালে অবস্থানকালে বুলবুল হোসেন দেখতে পান যে, পুলিশ সদস্যরা এক নারীকে মারধর করছেন। পেশাগত দায়বদ্ধতা থেকে তিনি উক্ত ঘটনার ভিডিও ধারণ শুরু করলে পুলিশ সদস্যরা তাকে লক্ষ্য করে তেড়ে আসেন এবং জোরপূর্বক পুলিশের ভ্যানে তুলে নেন।
বর্ণনায় বুলবুল হোসেন বলেন, পুলিশ তাদের ভ্যানে তোলার পর তারা আমাকে বারবার জেরা করতে থাকেন কেন আমি ভিডিও করেছি এবং অবিলম্বে ভিডিও ডিলিট করার জন্য চাপ দিতে থাকেন। আমি আমার পেশাগত পরিচয়ের কথা জানিয়ে ভিডিও ডিলিট করতে অস্বীকৃতি জানালে, তারা ক্ষিপ্ত হয়ে আমার ওপর পাশবিক নির্যাতন শুরু করেন। পুলিশ সদস্যরা নির্দয়ভাবে আমার মাথায় আঘাত করেন, আমাকে ভ্যানের নিচে ফ্লোরে ফেলে বেধড়ক মারধর করেন এবং একপর্যায়ে বুট পরা পা দিয়ে আমার বুকে প্রচণ্ড চাপ দিয়ে শ্বাসরোধ ও মারাত্মক জখম করার চেষ্টা করেন। পরবর্তীতে আমার চিৎকারে ঘটনাস্থলে উপস্থিত সাধারণ মানুষ ও প্রত্যক্ষদর্শীরা এগিয়ে আসেন এবং তাদের সহায়তায় আমি পুলিশের ভ্যান থেকে উদ্ধার পাই।
অভিযোগ সূত্রে জানাযায়, ঘটনার পর মুমূর্ষু অবস্থায় বুলবুল হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তার মাথায়, চোখে ও বুকে গুরুতর আঘাতের চিহ্ন পাওয়ার কথা জানান এবং জখমের মাত্রা বিবেচনায় তাকে তিন দিনের পূর্ণ বিশ্রামের পরামর্শ দেন।
এ ঘটনার প্রতিকার চেয়ে বুলবুল হোসেন ডিএমপি কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে তিনি বলেন, একজন স্বাধীন গণমাধ্যমকর্মী হিসেবে দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষী বাহিনীর সদস্যদের এমন আচরণ স্বাধীন সাংবাদিকতার কণ্ঠরোধের অপচেষ্টা এবং চরম মানবাধিকার লঙ্ঘন। তিনি ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্যের ভিত্তিতে দোষী পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক আইনানুগ ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


