রাজধানীর গুলশান এলাকা থেকে বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।
ডিএমপি জানায়, গুলশান-২ নম্বর সার্কেল এলাকা থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা তাকে গ্রেপ্তার করে।
নোয়াখালীর সেনবাগে ২০১৮ সালে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাঙচুর, লুটপাট, বিএনপির এক কর্মীর বাড়িতে হামলা এবং গত ৩ আগস্ট বিএনপির এক কর্মীর দোকানে হামলার ও ভাঙচুরের অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মোরশেদ আলম নোয়াখালী-২ আসনে আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য। তিনি বেসরকারি টেলিভিশন আরটিভি ও বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান। এ ছাড়াও মার্কেন্টাইল ব্যাংকের সাবেক চেয়ারম্যান এবং ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের উদ্যোক্তা পরিচালক ছিলেন তিনি।
স্থানীয় সূত্র অনুসারে, ২০২৩ সালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে মোরশেদ আলমকে তার নির্বাচনী এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করেছিলেন স্থানীয় আওয়ামী লীগের একাংশ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

