রাজধানীর কদমতলীতে ছুরিকাঘাতে নাঈম হোসেন (১৮) নামে এক সিএনজিচালককে খুন করার অভিযোগ পাওয়া গেছে। রোববার সকাল সাড়ে ১০টার দিকে কদমতলীর সিটি ধারা ৮ নম্বর রোডে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে দুপুর পৌনে বারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মৃতের ছোটভাই ফাহিম হোসেন বলেন, সকালে তার বড়ভাই নাঈম বাসায় নাস্তা করে বাসার অদূরে বের হয়েছিল। কদমতলী সিটি ধারা ৮ নম্বর রোডে কারা যেন বুকে ছুরিকাঘাতে রক্তাক্ত অবস্থায় ফেলে রাখে। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কদমতলী থানার ওসি আইয়ুব আলী তিনি বলেন, পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে প্রাথমিক ধারণা করা গেছে। এ ছাড়াও অন্য কোন কারণ রয়েছে কিনা তদন্ত সাপেক্ষে ও ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে। এ ঘটনায় এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
ওসি আরও বলেন, যতটুকু জানতে পেরেছি কয়েকদিন আগে সিএনজিতে যাত্রী উঠানো নিয়ে এক সিএনজি চালক ২০০ টাকা ভাড়া চেয়েছিল। সেখানে ভাড়া নিয়ে বিতণ্ডা হয়। এর জেরে এও হত্যাকাণ্ড ঘটতে পারে।
মৃত সিএনজিচালক পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার জাহাঙ্গীর হোসেনের ছেলে। বর্তমানে কদমতলির সিটি ধারা ৭ নম্বর রোডে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকত।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

