মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

স্টাফ রিপোর্টার

মাদক বিক্রির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে হত্যা

রাজধানীর কদমতলী থানার জুরাইন নবারুন গলিতে আব্দুল কুদ্দুস (৫০) নামের এক সবজি ব্যবসায়ীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় ‘মাদক কারবারি’ মনির ও ফিরোজের মাদক ব্যবসার প্রতিবাদ করায় আব্দুল কুদ্দুসকে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শুক্রবার ঢামেক হাসপাতালে নিহতের মা রানু বেগম জানান, রাতে জুরাইন নবারুন গলির একটি চায়ের দোকানের সামনে আড্ডা দিচ্ছিলেন কুদ্দুস। এ সময় কয়েকজন যুবক তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।

তিনি আরও জানান, হত্যাকারীরা কুদ্দুসের পূর্ব-পরিচিত ও একসাথে চলাফেরা করতো। প্রায় সপ্তাহখানেক আগে তাদের মধ্যে কোনো বিষয় নিয়ে তর্কবিতর্ক হয়েছিল।

কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাদকসংক্রান্ত বিষয় নিয়ে তাদের মধ্যে পূর্বের দ্বন্দ্বের জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে।

নিহতের বাড়িওয়ালা কামাল শিকদার জানান, সপ্তাহখানেক আগে ‘মাদক কারবারি’ মনির ও ফিরোজের সঙ্গে কুদ্দুসের তর্কবিতর্ক হয়েছিল।

আব্দুল কুদ্দুস মাদারীপুর জেলার শিবচর উপজেলার বাসিন্দা। তিনি দুই কন্যা সন্তানের পিতা ছিলেন এবং বর্তমানে পূর্ব জুরাইনে পরিবারের সাথে ভাড়া বাসায় থাকতেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন