ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল

ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবিতে মিরপুরে বিক্ষোভ মিছিল

শাহবাগের গণজাগরণ মঞ্চের সংগঠক লাকি আক্তারকে অবিলম্বে গ্রেপ্তার ও শাপলা চত্বর গণহত্যার বিচারসহ ধর্ষকের প্রকাশ্যে মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছেন জামিয়া দারুল উলূম মিরপুর ঢাকার সাধারণ শিক্ষক-শিক্ষার্থীরা।

শুক্রবার জুমার নামাজের পর মিরপুরের সাড়ে এগারো কেন্দ্রীয় মসজিদ থেকে বের হওয়া বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে এই দাবি জানান তারা।

বিজ্ঞাপন

মিছিলটি মিরপুর মহাসড়ক প্রদক্ষিণ করে পল্লবী ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়। সেখানে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং বক্তব্য প্রদান করেন।

উদ্বোধনী বক্তব্যে মাওলানা রাকিবুল ইসলাম বলেন, এই লাকি কীভাবে সাহস পায় রাস্তায় নামার। এই লাকি কি জানে না, ভারতের তাঁবেদারি বাংলাদেশে আর চলবে না। এই লাকি কি জানে না শেখ হাসিনার ক্ষমতা শেষ হয়ে গেছে বাংলাদেশ থেকে। সে কেন রাস্তায় নামলো? যে ঘটনাগুলো এখন ঘটছে দেশের মানুষের জন্য তা গ্রহণযোগ্য নয়।

তরুণ ছাত্রনেতা ত্বহা মাহমুদ বলেন, আপনারা জানেন শনিবার দেশবিরোধী শাহবাগী শক্তি গণ মিছিলের নামে ভারতের প্রেসক্রিপশনে মাঠে নামবে। শাহবাগীদের শক্ত হাতে দমন করব আমরা। এবং প্রশাসনকে বলব এই দেশবিরোধী শাহবাগীদের দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে বিচার করতে। ধর্ষকদের প্রকাশে মৃত্যুদণ্ডের বিধান করতে হবে।

খতিব মাওলানা আব্দুল মালেক বলেন, এই বাংলাদেশ আর কোনো বিদেশি চক্রান্ত বা বিদেশি প্রেসক্রিপশনে চলবে না। ২০১৩ সালে শাপলায় যে হামলা চালানো হয়েছিল, তার বিচার করতে হবে। সমাবেশ শেষে দোয়া-মোনাজাত করেন মাওলানা মাহফুজুল হক।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন