রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন এক নারী। তার পরনে ছিল শাড়ি। ওই নারীর হাতে ভ্যানিটি ব্যাগ এবং পাশেই ছিল একটি বড় ট্রলি ব্যাগ। হঠাৎ করে সাদা রঙের একটি প্রাইভেটকার তার সামনে আসে।
এরপর গাড়িটি গতি কমিয়ে চলন্ত অবস্থাতেই সামনের অংশের বাঁ পাশের জানালা দিয়ে একজন ঝুঁকে বেরিয়ে ছোঁ মেরে টান দেন ভ্যানিটি ব্যাগটি। সঙ্গে সঙ্গে ওই নারী মাটিতে পড়ে যান এবং ব্যাগের সঙ্গে ওই নারীকে গাড়ির সঙ্গে টেনেহিঁচড়ে নিয়ে যেতে থাকেন ছিনতাইকারীরা।
ওই নারী প্রাণে বেঁচে ফিরলেও গুরুতর আঘাত পেয়েছেন। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এমন একটি ভিডিও ছড়িয়ে পড়ে। তবে জানা গেছে, ঘটনাটি শনিবার সকালের সিদ্ধেশ্বরীর গ্রিনল্যান্ড টাওয়ারের সামনের।
ভিডিওটিতে দেখা গেছে, গাড়িটি ওই নারীর সামনে আসার এক-দুই সেকেন্ডের মধ্যে ভেতর থেকে একজন ভ্যানিটি ব্যাগটি টান দেন। মুহূর্তের মধ্যেই ওই নারীকে গাড়িটির সঙ্গে টেনে নিয়ে যেতে দেখা যায়। এসময় ট্রলি ব্যাগটি ঘটনাস্থলে থেকে যায়।
পরে আশপাশে থাকা তিন ব্যক্তিকে দৌড়ে ঘটনাস্থলে আসতে দেখা যায়। তাদের মধ্যে একজন ট্রলি ব্যাগটির সামনে দাঁড়ান। বাকি দুজন ওই নারীর দিকে এগিয়ে যান। ৫০ সেকেন্ডের মাথায় ওই নারীকে আবার ঘটনাস্থলে এসে দাঁড়িয়ে উপস্থিত চার ব্যক্তির সঙ্গে কথা বলতে দেখা যায়।
এসময় ভুক্তভোগী নারী সেখানে থাকা লোকদের তার হাতের কনুইয়ে পাওয়া আঘাতের চিহ্ন দেখাচ্ছিলেন।
বিষয়টি জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা অঞ্চলের সহকারী পুলিশ কমিশনার আবদুল্লাহ আল মামুন আমার দেশকে জানান, ভিডিও ফুটেজটি দেখেছি। ভুক্তভোগী কোন মামলা করেনি। তবে আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করতে কাজ করছি।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

