রাজধানীজুড়ে পুলিশের ৫৫০ টহল টিম

রাজধানীজুড়ে পুলিশের ৫৫০ টহল টিম

রাজধানীর নিরাপত্তা কার্যক্রম জোরদার করার অংশ হিসেবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৫৫০ টি টহল টিম দায়িত্ব পালন করেছে।

বুধবার রাত ১২টা থেকে বৃহস্পতিবার দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় এসব টিম টহল দেয়। পাশাপাশি ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, মহানগর এলাকার নিরাপত্তা বৃদ্ধির লক্ষে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি ৬৫টি পুলিশি চেকপোস্ট স্থাপন করেছে। জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির ১৪টি, অ্যান্টি টেরোরিজম ইউনিট (এটিইউ) এর ১২টি এবং ডিএমপির সাথে র‌্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে। এছাড়াও ডিএমপির সাথে পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন ২০টি চেকপোস্ট স্থাপন করে কার্যক্রম চালায়।

ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত মোট ২৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে ১৩ জন ডাকাত, ৩২ জন পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ছয়জন চাঁদাবাজ, ১৯ জন চোর, ২৮ জন চিহ্নিত মাদক কারবারি, ৪১ জন পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধে জড়িত অপরাধী। গ্রেপ্তারদের কাছ থেকে বিভিন্ন অপরাধে ব্যবহৃত পাঁচটি চাকু, একটি ছুরি, একটি বাটাল, একটি প্রাইভেটকার, একটি স্কুটি, একটি মোটরসাইকেল, একটি অটোরিকশা, একটি ওয়াকি-টকি, পুলিশের দুটি ভুয়া আইডি কার্ড, ছয়টি মোবাইল ফোন ও নগদ ১১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ১৪ হাজার ৯১৩ পিস ইয়াবা, এক কেজি ৬৬০ গ্রাম গাঁজা, এক লিটার দেশি মদ ও ৪.৭ গ্রাম হেরোইন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন