পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির

অর্থনৈতিক রিপোর্টার

পাদুকা শিল্পে ভ্যাট প্রত্যাহারের দাবি প্রস্তুতকারক সমিতির

স্বল্পমূল্যের পাদুকার ওপর আরোপিত মূল্য সংযোজন কর (ভ্যাট) প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পাদুকা প্রস্তুতকারক সমিতি। সংগঠনটির নেতারা বলেছেন, নিম্নআয়ের মানুষের দৈনন্দিন ব্যবহারের এ ধরনের পণ্যে কর আরোপে একদিকে ক্রেতাদের ব্যয় বেড়েছে, অন্যদিকে ক্ষুদ্র ও মাঝারি শিল্প টিকে থাকা কঠিন হয়ে পড়েছে।

রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সমিতির সভাপতি হাজী ফজলু।

বিজ্ঞাপন

তিনি বলেন, দেশের প্রান্তিক জনগোষ্ঠীর জন্য স্বল্পমূল্যের স্যান্ডেল ও চপ্পল অত্যন্ত প্রয়োজনীয়। একজন রিকশাচালক, কৃষিশ্রমিক কিংবা দিনমজুরের কাছে অতিরিক্ত ১০ থেকে ১৫ টাকার ব্যয়ও বড় বিষয়। করের কারণে এসব পণ্যের দাম বেড়ে গেলে তা অনেকের ক্রয়ক্ষমতার বাইরে চলে যায়।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে হাজী ফজলু বলেন, দরিদ্র মানুষের ব্যবহৃত পণ্য করমুক্ত না করলে এ খাতের সঙ্গে জড়িত লক্ষাধিক শ্রমিক চাকরি হারানোর আশঙ্কায় পড়বেন। ইতোমধ্যে বেশ কিছু কারখানা উৎপাদন বন্ধ করেছে। দেশীয় শিল্প দুর্বল হলে বিদেশি পণ্য বাজার দখল করবে, যা অর্থনীতির জন্য নেতিবাচক হবে।

তিনি আরও বলেন, এ শিল্পে ব্যবহৃত কাঁচামালের বড় অংশ পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক থেকে সংগ্রহ করা হয়। ফলে এটি পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রাখছে।

সংবাদ সম্মেলনে সমিতির আইন উপদেষ্টা ব্যারিস্টার তাইফুল সিরাজ জানান, ২০১৬ সাল থেকে ২০২৫ সালের ৮ জানুয়ারি পর্যন্ত ১৫০ টাকা মূল্যের হাওয়াই চপ্পল ও অনুরূপ পণ্যে ভ্যাট অব্যাহতি ছিল। তবে ৯ জানুয়ারি থেকে সেই সুবিধা বাতিল করে কর আরোপ করা হয়।

তার ভাষ্য, নতুন করনীতির ফলে নিম্নআয়ের মানুষের ক্রয়ক্ষমতা কমেছে, দেশীয় উৎপাদনও হ্রাস পাচ্ছে। একই সঙ্গে বিদেশি পণ্যের আমদানি বাড়ায় বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা বাইরে চলে যাচ্ছে।

সমিতির পক্ষ থেকে বলা হয়, এ খাত মূলত ১০০ থেকে ১৫০ টাকার মধ্যে পণ্য উৎপাদন করে, যা শ্রমজীবী মানুষের নাগালের মধ্যে ছিল। নতুন ভ্যাট যুক্ত হওয়ায় এসব পণ্যের দাম বেড়ে গেছে।

বক্তারা বলেন, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা, স্থানীয় শিল্প টিকিয়ে রাখা এবং কর্মসংস্থান ধরে রাখতে দ্রুত কর অব্যাহতি পুনর্বহাল করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে সমিতির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস আশরাফ উদ্দিন, সাবেক সভাপতি শাখাওয়াত, লিগ্যাল অ্যাডভাইজার অ্যাডভোকেট এনামুল হক সুমনসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন