আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

তুরাগে গ্যাস বিস্ফোরণ

মারা গেছেন চিকিৎসাধীন রিয়া, প্রাণহানি বেড়ে ৩

স্টাফ রিপোর্টার

মারা গেছেন চিকিৎসাধীন রিয়া, প্রাণহানি বেড়ে ৩

রাজধানীর তুরাগের কামারপাড়া বামনারটেক এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ রিয়া আক্তার (২৫) মারা গেছেন। গতকাল বুধবার বিকালে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ নিয়ে ওই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিনজনে।

​হাসপাতাল সূত্রে জানা গেছে, গতকাল বিকাল ৪টা ৫০ মিনিটে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রিয়ার মৃত্যু হয়। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রিয়ার শরীরের প্রায় ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। শ্বাসনালিতে গুরুতর ক্ষত থাকায় আপ্রাণ চেষ্টা করেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

বিজ্ঞাপন

এর আগে ​গত ৬ মার্চ ভোরে বামনারটেকে সিলিন্ডার বিস্ফোরণে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে গ্যাসের আগুন ছড়িয়ে পড়ে পুরো ঘরে। এতে নারী, শিশু ও পুরুষসহ মোট ১০ জন দগ্ধ হন। ঘটনার পরপরই স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।

বিস্ফোরণের এ ঘটনায় এর আগেই আরো দুজনের মৃত্যু হয়েছে। বর্তমানে বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন আরো ৭ জন। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা এখনো আশঙ্কাজনক। দগ্ধদের শরীর ও শ্বাসনালির ক্ষতির মাত্রা বিবেচনায় তাদের সর্বোচ্চ পর্যবেক্ষণে রাখা হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রান্নার গ্যাস সিলিন্ডার থেকে লিকেজ হয়ে ঘরে গ্যাস জমে ছিল। ভোরে চুলা ধরাতে গিয়েই এই ভয়াবহ বিস্ফোরণ ঘটে। তবে ফায়ার সার্ভিস ও স্থানীয় পুলিশ প্রশাসন দুর্ঘটনার সঠিক কারণ উদঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন