রাজধানীর পল্লবীতে ৫ কোটি টাকা চাঁদার দাবিতে সন্ত্রাসীদের হামলা ও গুলির ঘটনায় এ পর্যন্ত ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার পাঁচজনকে গ্রেপ্তারের কথা জানায় র্যাব।
র্যাবের হাতে গ্রেপ্তারকৃতরা হলো- মো. আব্বাস (২৯), মো. ইয়ামিন (২৭), মো. সোহেল (২৩), মো. মাজহারুল (৩০) ও মো. চাঁদ মিয়া (২২)।
সোমবার র্যাব-৪ এর অতিরিক্ত পুলিশ সুপার (অপস) কে এন রায় নিয়তি এ তথ্য জানান।
রোববার তিনজনকে গ্রেপ্তার করেছিল থানা পুলিশ।
মামলার এজাহারে বলা হয়, গত ১১ জুলাই পল্লবীর আলব্দিরটেক এলাকায় এ কে বিল্ডার্স নামের আবাসন নির্মাণ প্রতিষ্ঠানে পাঁচ কোটি টাকা চাঁদা দাবি করে না পেয়ে একদল ব্যক্তি অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। হামলাকারীরা এ সময় চার রাউন্ড গুলি করে। দুর্বৃত্তদের গুলিতে শরিফুল ইসলাম নামে প্রতিষ্ঠানটির একজন কর্মকর্তা আহত হন। তিনি কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।
তিনি আরো জানান, মামলার পরপরই র্যাব-৪ ঘটনার ছায়া তদন্ত শুরু করে। এর প্রেক্ষিতে র্যাব-৪ এর আভিযানিক দল ঢাকা মহানগরীর পল্লবী থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জন চাঁদাবাজকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা জামিল নামে এক ব্যক্তির প্ররোচনায় এ ঘটনায় অংশ নেন।
গ্রেপ্তার সোহেলের (২৩) বিরুদ্ধে তিনটি, আব্বাসের (২৯) বিরুদ্ধে চারটি এবং চাঁদ মিয়ার (২২) বিরুদ্ধে তিনটি মাদক, হত্যা, ডাকাতি মামলা রয়েছে।
রোববার পল্লবী থানা পুলিশের হাতে গ্রেপ্তারকৃতরা হলো-নিলয় হোসেন বাপ্পী, মামুন মোল্লা ও মোহাম্মদ রায়হান।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

