রাজধানীর উত্তরা পশ্চিম জসীম উদ্দীন রোড ফ্লাইওভারের ঢালে পিকআপ ভ্যান সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় মোটরবাইক আরোহী ফুয়াদ হাসান হৃদয় (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।
মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ৮টার দিকে মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. রাজিব বলেন, গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির বাড়ি নওগাঁ সদরের খাস নওগাঁ ইসলামপুর গ্রামে।
নিহতের চাচাতো ভাই তামজীদ বলেন, সকালে খবর পাই ফুয়াদ সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে এসে তার লাশ দেখতে পাই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢামেক হাসপাতালে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

