রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালসহ আশপাশের এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ ঘটনায় ৬ জন আহত হয়েছেন। আহতরা হলেন, সুমন, রাকিব ও জীবন। বাকি আহতদের নাম জানা যায়নি। পুলিশ জানায়, বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়েছে। বিপ্লব যুবদলের এবং অপু কৃষকদলের রাজনীতির সঙ্গে জড়িত।
গত ৪ মাস ধরে দুইটি গ্রুপ হাসপাতালের আশপাশের নিয়ন্ত্রণ নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে। দুই পক্ষের লোকজন একাধিকবার বসে কোন সমাধান টানতে পারেনি।
জানা গেছে, শনিবার বেলা ১১টার দিকে হৃদরোগ ইন্সটিটিউট ও সোহরাওয়ার্দী হাসপাতালের মাঝামাঝি এলাকায় প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর দুপুর সাড়ে ১২ টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের দক্ষিণ দিকে দ্বিতীয় দফা সংঘর্ষ বাঁধে। দুই পক্ষই লাঠিসোঁটা ব্যবহার করছে। এই সংঘর্ষের কারণে হাসপাতালের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন ছোটাছুটি শুরু করে। ভোগান্তির মধ্যে পড়েন হাসপাতালে আসা রোগীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ জানিয়েছে, হাসপাতালের টেন্ডার, অ্যাম্বুলেন্স ব্যবসা, ফুটপাথসহ হাসপাতালকেন্দ্রিক আধিপত্য নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ বিষয়ে শেরেবাংলা নগর থানার ওসি আব্দুল কাউয়ুম আমার দেশকে জানান, বিপ্লব ও অপু গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুজনই বিএনপির রাজনীতিতে জড়িত। তিনি আরও জানান, হাসপাতালের আধিপত্যকে কেন্দ্র করে ওই ঘটনা ঘটেছে। পুলিশের কাছে দুই পক্ষই অভিযোগ দিয়েছে। আমরা খতিয়ে দেখছি। অভিযোগের ভিত্তিতে থানায় মামলা দায়ের হবে।
ডব্লিউএ
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

