রাজধানীর মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধের দুই ঘণ্টা পর সেখান থেকে সরে গেছেন পোশাকশ্রমিকেরা। শ্রমিকেরা সড়ক ছেড়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয়। মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে সড়ক অবরোধ করেছিলেন তারা।
আজ বৃহস্পতিবার বেলা পৌনে ১২টার দিকে পোশাকশ্রমিকেরা সড়ক ছাড়েন।
এর আগে পল্লবী ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) সাজিয়া আফরোজ জানান, সকাল সাড়ে ৯টার দিকে বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা মিরপুর-১০ নম্বর গোলচত্বরে সড়ক অবরোধ করেন। তবে কোন কোন পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেছেন, সে বিষয়ে বলতে পারেননি তিনি।
পুলিশ জানায়, সকালের দিকে কয়েকটি পোশাক কারখানার কয়েকশ শ্রমিক তাদের মাসিক বেতন ন্যূনতম ৩০ হাজার টাকা করার দাবিতে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে সেখানে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আশপাশের সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ নাসের রিকাবদার বলেন, ‘ন্যূনতম ৩০ হাজার টাকা মাসিক বেতনের দাবিতে পোশাকশ্রমিকেরা মিরপুর-১০ নম্বরে সড়কে অবস্থান নিয়েছেন। পুলিশ তাদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে।’
প্রত্যক্ষদর্শী আবুল কালাম জানান, ‘ফার্মগেট থেকে মিরপুর-১০ নম্বর পর্যন্ত তীব্র যানজট লেগে রয়েছে। গোলচত্বর এলাকায় যান চলাচল সীমিত রাখায় যানজট আরও বেড়েছে বলে জানান এ বেসরকারি চাকরিজীবী।
এদিকে মিরপুর ট্রাফিক ডিভিশনের ফেসবুক পেজে এক পোস্টে জানানো হয়েছে, পোশাকশ্রমিকদের আন্দোলনের জন্য এই মুহূর্তে মিরপুর-১০ নম্বর গোলচত্বরে যান চলাচল সাময়িকভাবে ব্যাহত হচ্ছে।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


