আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ উৎসব

স্টাফ রিপোর্টার

রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ উৎসব

আমার মুক্তি আলোয় আলোয়’ বার্তা নিয়ে সূর্যোদয়ের পর থেকে রাজধানীর রমনার বটমূলে চলছে ছায়ানটের বর্ষবরণ ১৪৩২-এর অনুষ্ঠান। ৯টি সম্মিলিত গান, ১২টি একক কণ্ঠের গান ও ৩টি পাঠসহ মোট ২৪টি পরিবেশনা হবে এবারের অনুষ্ঠানে।

বিজ্ঞাপন

সোমবার ভোর ৬টার পর যন্ত্রবাদন দিয়ে এবারের অনুষ্ঠান শুরু হয়। এতে অংশগ্রহণ নিয়েছেন নারী-পুরুষ মিলে প্রায় দেড় শতাধিক শিল্পী। আলো, প্রকৃতি, মানুষ ও দেশপ্রেমের গান দিয়ে সাজানো হয়েছে আজকের এই অনুষ্ঠান।

এবারের বর্ষবরণ অনুষ্ঠানের জন্য রমনার বটমূলে পূর্ব-পশ্চিমে অর্ধবৃত্তাকারে ৭২ ফুট লম্বা ও ৩০ ফুট প্রস্থের মঞ্চ করা হয়েছে। নববর্ষবরণে একক ও সম্মিলিত গান পরিবেশনা শেষে নববর্ষের কথন পাঠ করবেন ছায়ানটের নির্বাহী সভাপতি সারওয়ার আলী। শেষ হবে জাতীয় সংগীত দিয়ে।

এবারের আয়োজনে মেরুন রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা পরেন পুরুষ শিল্পীরা আর নারীরা পরেন মেরুন পাড়ের অফ হোয়াইট শাড়ি। শিল্পীদের পোশাকের সঙ্গে মিল রেখে এবার মঞ্চও করা হয়েছে মানানসই রঙ দিয়ে।

বিভিন্ন টেলিভিশন চ্যানেল, অনলাইন পোর্টালসহ বাংলা বর্ষবরণের এই আয়োজন সরাসরি সম্প্রসার করা হচ্ছে ছায়ানটের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে।

উল্লেখ্য, রমনার বটমূলে দেশের ঐতিহ্যবাহী বর্ষবরণের এই আয়োজন ১৯৬৭ সাল থেকে শুরু করে সাংস্কৃতিক সংস্থা ছায়ানট। এবার ১৪৩২ বঙ্গাব্দকে বরণ করে নিতে গত তিন মাস ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি-ভবনে চলে গানের মহড়া। আর ৮ এপ্রিল রমনার বটমূলে মঞ্চ তৈরির কাজ শুরু হয়।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

এলাকার খবর
Loading...