মোবাইলে আর্থিক সেবাদাতা (এমএফএস) প্রতিষ্ঠান নগদের প্রশাসক ও বাংলাদেশ ব্যাংকের পরিচালক বদিউজ্জামান দিদারের ওপর হামলার ঘটনায় বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা। এতে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্ত্বরে বিক্ষোভ করে তারা এই দাবি জানান।
বিক্ষোভ কর্মসূচিতে বাংলাদেশ ব্যাংক সবুজ দলের নেতৃত্বে সর্বদলীয় ঐক্য পরিষদ ও বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সভায় সর্বদলীয় ঐক্য পরিষদের নেতৃবৃন্দরা বদিউজ্জামান দীদারের ওপর হামলাকে পরিকল্পিত সন্ত্রাসী আক্রমণ বলে আখ্যায়িত করেন এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। অথচ তাদের নিরাপত্তার বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বক্তারা বাংলাদেশ ব্যাংকের কর্তৃপক্ষকে এ ধরনের হামলার পুনরাবৃত্তি ঠেকাতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
এদিকে বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের পক্ষ থেকে অপরাধীদের অবিলম্বে গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি ও কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিতে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং ব্যাংক কর্মকর্তাদের বিশেষ নিরাপত্তা প্রদানের দাবী জানানো হয়।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

