বাংলাদেশে নারীর প্রতি সহিংসতা ও ধর্ষণের ভয়াবহতা অতীতের সব মাত্রাকে ছাড়িয়ে গেছে বলে মনে করে জাতীয় মহিলা পরিষদ। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় মহিলা পরিষদ আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ মন্তব্য করেন।
এ সময় মহিলা পরিষদের কেন্দ্রীয় সহ–সভাপতি মাখদুমা নার্গিস রত্না বলেন, ‘আমরা অতীতেও নারীর প্রতি সহিংসতা দেখেছি। কিন্তু সাম্প্রতিক সময়ে নারীরা যে মাত্রায় ধর্ষণ ও নির্যাতনের শিকার হচ্ছে, তা অবর্ণনীয়।’ নারী নির্যাতনের এমন রূপ বাংলাদেশে আগে কখনো ছিল না বলে মনে করেন তিনি।
নারী নির্যাতনের সঠিক চিত্র গণমাধ্যমে তুলে ধরা হয় না অভিযোগ করে বক্তারা বলেন, মাগুরার শিশুটির ঘটনা আমাদের বিবেককে নাড়িয়ে দিয়ে গেছে। কিন্তু বাংলাদেশে প্রতিদিন এ রকম বহু নারী ও শিশু যৌন নির্যাতন ও প্রতিহিংসার শিকার হচ্ছে, গণমাধ্যমে সেই খবর সঠিকভাবে প্রচার হচ্ছে না।
মানববন্ধনে বিচার বিভাগের দীর্ঘসূত্রতা দূর করে আইনের শাসন প্রতিষ্ঠা করতে অন্তবর্তী সরকারের প্রতি আহ্বান জানান জাতীয় মহিলা পরিষদ পরিচালক জনা গোস্বামী।
এদিকে, ‘ধর্ষণ’ বিষয়ে সম্প্রতি ঢাকা মহানগর পুলিশ কমিশনারের বক্তব্যের সমালোচনা করেন মহিলা পরিষদের নেতারা। তারা বলেন, আইন শৃঙ্খলা রক্ষার সাথে জড়িতদের দায়িত্বশীলতার সাথে কথা বলতে হবে। ধর্ষণ ও নারীর প্রতি সহিংসতা একটি মারাত্মক ব্যাধি, তাই এটাকে রাজনৈতিকভাবে না জড়ানোর আহ্বান জানান তারা।
মহিলা পরিষদের নেতা ফেরদৌস জামানের (রত্না) সঞ্চালনায় মানববন্ধনে সভাপতিত্ব করেন হেনা চৌধুরী। এ সময় মহিলা পরিষদের পরিচালক দীপ্তি শিকদার, রেহানা ইউনুস, কানিজ ফাতেমাসহ অন্যরা বক্তব্য দেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

