রমজান মাস উপলক্ষে ছিনতাই, টানাপার্টি, চাঁদাবাজি, অজ্ঞান পার্টি, মলম পার্টির অপতৎপরতা রোধে পুলিশি টহল আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে রমজান উপলক্ষে ঢাকা মহানগর এলাকার সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা বিষয়ক ঢাকা মেট্রোপলিটন পুলিশের সমন্বয় সভায় কর্মকর্তাদের তিনি এ নির্দেশ দেন।
সভায় ঢাকা মহানগর এলাকার ব্যাংক, বিপণী বিতান, শপিংমলসমূহের নিরাপত্তা, সড়ক, ভেজাল খাদ্যদ্রব্য ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্র্যাফিক ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করা হয়।
ব্যবসায়ী নেতাদের উদ্দেশে ডিএমপি কমিশনার বলেন, প্রতিটি শপিংমলের সামনে এবং আশেপাশে স্বেচ্ছাসেবক মোতায়েনের ব্যবস্থা করতে হবে। প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। বড় ক্যাশ বা মূল্যবান জিনিস বহনের ক্ষেত্রে পুলিশের সহায়তা অর্থাৎ স্কট সেবা নিতে আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, রমজানে যানজট নিরসনে ডিএমপির ট্র্যাফিক বিভাগ ও ক্রাইম বিভাগের পুলিশ সদস্যদের পাশাপাশি অতিরিক্ত ফোর্স মোতায়েন থাকবে।
সভায় যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) মোহাম্মদ শহীদুল্লাহ, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

