বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান রেজাউল হোসেন ও মহাসচিব ইয়ারুল ইসলাম পুনর্নিবাচিত হয়েছেন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে সংগঠনটির ৪র্থ জাতীয় কাউন্সিলে তারা আবারও নির্বাচিত হন।
বাংলাদেশ কংগ্রেসের ভাইস-চেয়ারম্যান পদে শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন, যুগ্ম মহাসচিব পদে মিজানুর রহমান, জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন নির্বাচিত হয়েছেন।
বর্তমান সরকারের ঋণের বোঝা ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি জনজীবনে প্রভাব ফেলবে বলে মন্তব্য করেন বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন। তিনি বলেন, দ্রব্যমূল্য বেড়ে যাবে। ক্রয়সীমা মানুষের নাগালের বাইরে চলে যাবে। মানুষ একটা অপরিকল্পিত সমাজব্যবস্থার মধ্যে হাবুডুবু খাবে। সরকারের এটা চিন্তা করা উচিত।
কাজী রেজাউল হোসেন বলেন, ঐকমত্য কমিশন গঠন হয়েছিল। শেষও হয়েছে। আমরা দেখেছি প্রায় দেড় কোটি টাকা এই ঐকমত্য কমিশনে খরচ হয়েছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়- ঐকমত্য কমিশনের এককাপ চা-ও বাংলাদেশ কংগ্রেস খায়নি। কমিশনে আমরাও মতামত দেওয়ার জন্য অনেকবার আবেদন করেছিলাম। কিন্তু আমাদের ডাকা হয়নি।
সরকারের খাল খনন প্রকল্পে ব্যয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, খাল খনন প্রজেক্ট নিয়ে অর্থ বরাদ্দ হবে এবং স্থানীয় নেতারা প্রজেক্টের টাকা লুটেপুটে খাবে। এটি বন্ধ করা উচিত, এখনই চিন্তা করা উচিত।
নবনির্বাচিতদের শপথ বাক্য পাঠ করান বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পাটির সাধারণ সম্পাদক সাইফুল হক। কাউন্সিলে নবনির্বাচিত নেতারা সংগঠনকে আরও শক্তিশালী ও সংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন। সারা দেশ থেকে আসা দলীয় নেতারা, কাউন্সিলর, প্রতিনিধিরা নেতৃত্ব নির্বাচনে অংশ নেন।
কাউন্সিলে উপস্থিত ছিলেন জাগপার সাধারণ সম্পাদক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

