রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৪৮ জন গ্রেপ্তার

রাজধানীতে বিভিন্ন অপরাধে ২৪৮ জন গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তাদের মধ্যে রয়েছে ১৪ ডাকাত, ১৬ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, ৭ চাঁদাবাজ, ১১ চোর, ২২ চিহ্নিত মাদক কারবারি, ৪৪ পরোয়ানাভুক্ত আসামিসহ অন্যান্য অপরাধী।

ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, এ সময় তাদের কাছ থেকে তিনটি ছুরি, চারটি চাকু, একটি প্লায়ার্স, একটি স্ক্রু ড্রাইভার, একটি শাবল, একটি চাপাতি, একটি দা ও দুটি রড জব্দ করা হয়।

বিজ্ঞাপন

এছাড়া অভিযানে জব্দ মাদকের মধ্যে রয়েছে ৪৯ কেজি ৮৭০ গ্রাম গাঁজা ও ৭০৪ পিস ইয়াবা। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৫৯টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডিএমপির অভিযানে এ পর্যন্ত সর্বাধিক গ্রেপ্তারের কারণ হিসেবে মোহাম্মদ তালেবুর রহমান জানান, জননিরাপত্তা বিধান ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে ঢাকা মহানগর এলাকায় পুলিশি কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে ডিএমপিসহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে সমন্বিত চেকপোস্ট ও টহল কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে।

ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে জানা যায়, সোমবার রাত ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০ থানা এলাকায় জননিরাপত্তা বিধানে ডিএমপির ৫০০ টহল টিম দায়িত্ব পালন করে।

এছাড়া মহানগর এলাকার নিরাপত্তা জোরদারে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপির ৫৪টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।

জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় ডিএমপির টহল টিমের পাশাপাশি মহানগরীর বিভিন্ন অপরাধপ্রবণ স্থানে সিটিটিসির সাতটি, অ্যান্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) চারটি এবং র‍্যাবের ১০টি টহল টিম দায়িত্ব পালন করে।

এছাড়াও ডিএমপির চেকপোস্টের পাশাপাশি পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএন কর্তৃক ৩১টি চেকপোস্ট পরিচালনা করা হয়।

মহানগরবাসীর সার্বিক নিরাপত্তা ও নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন