আইইবির পতাকা নিয়ে হিমালয়ের পর্বত জয়ে প্রকৌশলী রূপক

আইইবির পতাকা নিয়ে হিমালয়ের পর্বত জয়ে প্রকৌশলী রূপক

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) এর সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক বলেছেন, ইতোমধ্যে বিশ্বের অন্যতম কঠিন ও কৌশলগত শৃঙ্গ মাউন্ট আমা দাবলামসহ (৬৮১৪ মিটার) তিনটি ৬০০০ মিটার উঁচু হিমালয় শৃঙ্গে সফলভাবে আরোহণের মাধ্যমে সারা বিশ্বে প্রকৌশলীদের ভাবমূর্তি উজ্জ্বল করেছি। একজন প্রকৌশলী হিসেবে আইইবি এবং বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের তত্ত্বাবধানে এবং ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পৃষ্ঠপোষকতায় আগামী ২৪ এপ্রিল নেপালের অন্নপূর্ণা হিমালয় অঞ্চলে অবস্থিত এক সঙ্গে দুটি পর্বত চুলু ওয়েস্ট (৬৪১৯ মিটার) এবং থরং (৬১৪৪ মিটার)-এ চার সপ্তাহের অভিযানে যাচ্ছি। আগামী ৫ মে তাদের অভিযানের লক্ষ্যে পৌঁছার কথা রয়েছে। অনেক চ্যালেঞ্জের কথা উল্লেখ করে সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

বিজ্ঞাপন

মঙ্গলবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশ (আইইবি)-এর সদস্য প্রকৌশলী কাওছার রূপকের পর্বত চুলু ওয়েস্ট ৬৪১৯ মিটার ও থরং ৬১৪৪ মিটার অভিযানে আইইবির পতাকা হস্তান্তর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

এতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট অব বাংলাদেশের (আইইবি) প্রেসিডেন্ট ও রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী রিয়াজুল ইসলাম (রিজু) বলেছেন, পর্বত আরোহণের বিষয়টি উত্তেজনাকর হলেও খুবই বিপজ্জনক। এরপরও জেনেশুনে দেশ ও প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করতে এই দুঃসাহসী অভিযানে যান অনেকে। আমাদের প্রকৌশলী কাওছার রূপক এবং তার সহযাত্রী নূরুন্নাহার মিন্নি তাদের অভিযানে সফল হয়ে বাংলাদেশ ও আইইবির ভাবমূর্তি উজ্জ্বল করবেন এ প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, এই অভিযানে সফল হয়ে এলে আরো বড় আকারে অনুষ্ঠান করে তাদের সংবর্ধনা দেওয়া হবে। সেই সঙ্গে আইইবির অন্য কোনো সদস্য এ ধরনের অভিযানে গেলে তাদেরকেও সার্বিকভাবে সহযোগিতা করা হবে। এছাড়াও তিনি কাওছার রূপক এবং তার সহযাত্রী নূরুন্নাহার মিন্নির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

অন্য বক্তারা বলেন, আমাদের প্রত্যাশা, আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক আগামী ২৪ এপ্রিল যাত্রা করে চার সপ্তাহের মধ্যে হিমালয়ের দুটি পর্বত চুলু ওয়েস্ট ও থর শিখরে বাংলাদেশের পতাকা তুলে ধরতে সক্ষম হবে। এ অভিযানের কথা দেশের তরুণ-তরুণীদের জানানোর জন্যই এই সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অভিযানে যাওয়ার আগে আইইবির সদস্য পর্বতারোহী প্রকৌশলী কাওছার রূপক এবং নূর নাহার মিম্মিকে শুভেচ্ছা ও জাতীয় পতাকা প্রদান করা হয়।

আইইবি ঢাকা কেন্দ্রের সম্পাদক প্রকৌশলী কেএম আসাদুজ্জামান চুন্নুর পরিচালনায় সংবাদ সম্মেলন ও পতাকা হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইইবির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. প্রকৌশলী মো. সাব্বির মোস্তফা খান, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং অ্যান্টার্কটিকা ও সুমেরু অভিযাত্রী ইনাম আল হক, বাংলা মাউন্টেনিয়ারিং অ্যান্ড ট্রেকিং ক্লাবের সভাপতি দুইবার এভারেস্ট আরোহণকারী এমএ মুহিত এবং অভিযানের স্পনসর ইউনিটি ল্যাব সলুশন বিডি লিমিটেডের পরিচালক প্রকৌশলী মোল্লা আকিদুল ইসলাম সৈকত, আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী খান মনজুর মোরশেদ, প্রকৌশলী শেখ আল আমিন, প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভূঁইয়া, প্রকৌশলী এটিএম তানবীর-উল হাসান (তমাল), সহকারী সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ মাহবুব আলম, প্রকৌশলী মুহাম্মদ আহসানুল রাসেল, প্রকৌশলী মো. নূর আমিন (লালন), প্রকৌশলী সাব্বির আহমেদ ওসমানী এবং আইইবি ঢাকা কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী মো. হেলাল উদ্দিন তালুকদার, ভাইস-চেয়ারম্যান প্রকৌশলী মো. কামরুল ইসলাম (উজ্জল) ও প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনসহ আইইবির কেন্দ্রীয় নেতা ও প্রকৌশলী এবং বিএমটিসির সদস্যরা।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন