সাত দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

সাত দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের

বুয়েট শিক্ষার্থীদের শাহবাগে চলমান ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষাক্রম ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বিরুদ্ধের আন্দোলনকে ষড়যন্ত্র অভিহিত করে এর প্রতিবাদে এবং কেন্দ্রীয় সংগ্রাম পরিষদ ঘোষিত সাত দফা দাবি বাস্তবায়নের দাবিতে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র-শিক্ষক-পেশাজীবী সংগ্রাম পরিষদ।

বুধবার দুপুরে এ স্মারকলিপি প্রদান করে সংগঠনটি। আমার দেশকে এ তথ্য নিশ্চিত করেছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য গাজী সেলিম।

বিজ্ঞাপন

এর আগে স্মারকলিপি প্রদানের উদ্দেশ্যে যমুনা অভিমুখে যাত্রা করা সংগঠনটির নেতাকর্মীরা বুধবার দুপুরে মগবাজার এলাকায় এসে পুলিশি বাধার মুখে পড়েন। পরে আন্দোলনকারীদের মধ্য থেকে ১০ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়ে স্মারকলিপি জমা দেন।

স্মারকলিপি জমা দিতে যাওয়া প্রতিনিধি দলের সদস্যরা হলেন প্রকৌশলী মো. কবির হোসেন, প্রকৌশলী মো. আখেরুজ্জামান, প্রকৌশলী মো. ইমাম উদ্দীন, প্রকৌশলী মো. জিল্লুর রহমান খান, প্রকৌশলী মো. মমিনুল ইসলাম, প্রকৌশলী মো. আনিসুজ্জামান, প্রকৌশলী মো. তুহিনুজ্জামান তুহিন, প্রকৌশলী মো. সাব্বির আহমেদ, প্রকৌশলী মো. মাশফিকুল ইসলাম দেওয়ান ও প্রকৌশলী মো. জুবায়ের পাটোয়ারী।

প্রতিনিধি দলের সদস্যরা যাওয়ার পর মগবাজার এলাকায় অবস্থান নেয়—শিক্ষক-শিক্ষার্থী ও পেশাজীবীরা। পরবর্তীতে তারা কাকরাইল মোড়ে এসে অবস্থান নেন। প্রতিনিধি দল ফিরে আসা পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থান নেবেন বলে জানিয়েছেন তারা।

এর আগে দুপুর ১২টা ৪৫ মিনিটে আইডিইবি ভবনের সামনে থেকে শিক্ষক-শিক্ষার্থী-পেশাজীবীরা প্রধান উপদেষ্টা প্রফেসর ড. ইউনূসের বাসভবন যমুনায় যাত্রা শুরু করেন। পথে তারা বিভিন্ন স্লোগান দেন এবং ৭ দফা বাস্তবায়নের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সংগ্রাম পরিষদের নেতারা বলেন—ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার আদায়ে কোনো ষড়যন্ত্র সফল হবে না। দাবি আদায় না হলে আরো কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।

সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য গাজী সেলিম বলেন, জনভোগান্তি তৈরি হয় এমন কিছু আমরা করব না। তবে আমাদের প্রতিনিধি দল আসা পর্যন্ত আমরা কাকরাইল মোড়ে অবস্থান নিব।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন