রাজধানীর উত্তরায় ব্যাংকে জমা দিতে যাওয়ার পথে প্রধানমন্ত্রীর খালাতো ভাই তাসীন আক্তার হকের ব্যবসা প্রতিষ্ঠানের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
রোববার সকাল ১০টার দিকে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। ছিনতাই হওয়া টাকা ডিএল পেট্রোল পাম্পের। তাসীন আক্তার হক প্রতিষ্ঠানটির মালিকানার সঙ্গে যুক্ত। তিনি প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বোন ও সাবেক সংসদ সদস্য ও মন্ত্রী খুরশীদ জাহান হকের ছোট ছেলে। প্রধানমন্ত্রী তারেক রহমানের খালাতো ভাই। এ ঘটনায় পেট্রোল পাম্পের ম্যানেজার করিম বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
জানা গেছে, ডিএল পেট্রোল পাম্পে প্রতিদিন প্রায় ৪৫ থেকে ৫০ লাখ টাকা লেনদেন হয়। নিয়ম অনুযায়ী প্রতিদিনের বিক্রির টাকা সকাল ১০টা থেকে সাড়ে ১০টার মধ্যে ব্যাংকে জমা দিতে নিয়ে যাওয়া হতো।
শুক্র ও শনিবার ব্যাংক বন্ধ থাকায় ওই দুই দিনের টাকা পরবর্তী কর্মদিবস রোববার একসঙ্গে ব্যাংকে জমা দেওয়া হতো। ফলে রোববার পাম্প থেকে তুলনামূলক বেশি টাকা ব্যাংকে নেওয়া হয়। রোববারও পাম্পের টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। রোববার সকাল ১০টা দিকে উত্তরা র্যাব-১ ব্যাটালিয়নের দক্ষিণ পাশে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে আসা কয়েকজন ব্যক্তি তাদের গতিরোধ করে টাকা নিয়ে যায়। দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে হামলা করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। দুর্বৃত্তরা এ সময় পেট্রোল পাম্পের ১ কোটি ২১ লাখ ২৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের ডিসি তারেক বেগ জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। পুলিশের একাধিক ইউনিট কাজ করছে। আশা করছি শিগগিরই জড়িতদের শনাক্ত করতে সক্ষম হবো।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন


