রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীতে প্রাইভেটকারের ধাক্কায় রিকশাচালক নিহত

রাজধানীর ফকিরাপুল মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় এক রিকশাচালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহত মতিন আলী (৩৫) রংপুরের কিশোরগঞ্জ থানার মাস্টার পাড়া গ্রামের মোজাফফর আলীর ছেলে। তাঁকে ধাক্কা দেওয়া প্রাইভেট কার জব্দ ও চালককে স্থানীয় ট্রাফিক পুলিশ আটক করেছে।

মতিনকে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া শিক্ষার্থী মেহেদী হাসান বলেন, আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষার্থী। সকালে লেগুনায় ক্যাম্পাসে যাওয়ার সময় দেখি, ফকিরাপুল মোড়ে একটি প্রাইভেটকার ওই রিকশাচালককে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি।

তিনি বলেন, প্রথমে তাঁকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে গেলে সোয়া ১১টার দিকে চিকিৎসক জানান, ওই রিকশাচালক আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে ওই রিকশাচালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন