আমার দেশ জনপ্রিয় বাংলা নিউজ পেপার

চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ

আমার দেশ অনলাইন

চাঁদাবাজ ধরে সড়কে ঘুরিয়ে মাইকিং করল পুলিশ
ছবি: সংগৃহীত

ঢাকার মোহাম্মদপুর এলাকায় একাধিক ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগে একজনকে গ্রেপ্তার করে সড়কে ঘুরিয়েছে পুলিশ।

এ সময় মোহাম্মদপুর থানার ওসি মাইকিং করে ‘চাঁদাবাজ ধরা হয়েছে’ খবর দিয়ে কাউকে চাঁদা না দেওয়ার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ঢাকা মহানগর পুলিশের মোহাম্মদপুর জোনের সহকারী কমিশনার আব্দুল্লাহ আল মামুন বলেন, রোববার বিকেলে কেরাণীগঞ্জের কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে ফারুক ওরফে কালা ফারুক নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তার বিরুদ্ধে মোহাম্মদপুরের বসিলা এলাকায় একাধিক ব্যবসায়ীকে চাঁদা চেয়ে হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে।

এরকম কয়েকটি ঘটনার সিসিটিভি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে ফারুক আত্মগোপনে যান। এ নিয়ে সমালোচনার মধ্যে কেরানীগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করল পুলিশ।

সহকারী কমিশনার মামুন বলেন, “মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশেপাশের এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে চাঁদার দাবিতে হুমকি দিয়ে আসছিল ফারুক ও তার সহযোগীরা। সম্প্রতি এক ব্যবসায়ী অভিযোগ দিলে তাকে (ফারুক) গ্রেপ্তারে কাজ শুরু করে পুলিশ।”

ফারুক ওই এলাকার ‘চিহ্নিত চাঁদাবাজ’ মন্তব্য করে এই পুলিশ কর্মকর্তা বলেন, “তাকে সঙ্গে নিয়ে এলাকায় আমরা মাইকিং করেছি। এর মাধ্যমে আমরা চাঁদাবাজ ও দখলবাজদের বার্তা দিয়ে চাই। অপরাধ করলে কাউকে ছাড় দেওয়া হবে না।”

গ্রেপ্তারের পর ফারুককে সঙ্গে নিয়ে মোহাম্মদপুরের বিভিন্ন সড়কে ঘোরেন পুলিশ সদস্যরা। এ সময় হ্যান্ডমাইকে মোহাম্মদপুরের ওসি মেজবাহ উদ্দিন বলছিলেন, চাঁদাবাজকে ধরেছি। আপনারা কাউকে চাঁদা দিবেন না। কেউ চাঁদা চাইতে এলে ধরে আমাদের খবর দেবেন।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন