ভাদ্রের ভাপসা গরমের পর রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

ভাদ্রের ভাপসা গরমের পর রাজধানীতে নামল স্বস্তির বৃষ্টি

ভাদ্রের টানা কয়েক দিনের ভ্যাপসা গরমের পর বৃষ্টি হয়েছে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায়। এতে জনমনে স্বস্তি এনে দিয়েছে। গরমে স্বস্তি এনে দিলেও অফিস ছুটির সময়ে হঠাৎ বৃষ্টির কারণে ভোগান্তিতেও পড়েন অনেক মানুষ।

বিজ্ঞাপন

বিকাল সোয়া ৫টার দিকে বিপুল সংখ্যক পথচারীকে কারওয়ানবাজার মেট্রোরেলের নীচে এবং আশপাশের মার্কেটে আশ্রয় নিতে দেখা যায়।

আরিফুল ইসলাম নামের এক পথচারী বলেন, কিছুটা ভোগান্তি হলেও বৃষ্টি খুব দরকার ছিল। কেননা, কয়েকদিনের ভ্যাপসা গরমে মানুষ অতিষ্ঠ।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, বিকাল ৫টার পর রাজধানীর কোনো কোনো এলাকায় বৃষ্টি হলেও আগারগাঁও এলাকায় কোনো বৃষ্টি হয়নি। ফলে কতটুকু বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে রেকর্ড করা সম্ভব হয়নি। সন্ধ্যা ৬টার পর তা জানা যাবে। তিনি মঙ্গলবারও রাজধানীতে সামান্য বৃষ্টি হয়েছে। সবমিলেই কয়েকদিনের ভ্যাপস গরমের দাপট কিছুটা কমে আসছে।

তিনি আরো বলেন, রাজধানীতে আরো বৃষ্টি হলেও খুব বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে ১৫ সেপ্টেম্বরের পর থেকে বৃষ্টির পরিধি বাড়বে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।

এদিকে চলতি মাসের দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সেপ্টেম্বরে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে দুই থেকে তিনটি লঘুচাপের সম্ভাবনা আছে। এর মধ্যে একটি নিম্নচাপে পরিণত হতে পারে। আবার এ মাসে এক থেকে দুটি মৃদু তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

বুধবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এর আগেরদিন মঙ্গলবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা নওগাঁ ও চুয়াডাঙ্গা রেকর্ড করা হয় ৩৫ দশমিক ৪ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত কক্সবাজারে ৫০ মিলিমিটার রেকর্ড করা হলেও দেশের অধিকাংশ এলাকায় কোনো বৃষ্টি হয়নি।

Google News Icon

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন