মাগুরায় বড় বোনের বাড়িতে বেড়াতে গিয়ে বড় বোনের শ্বশুরের দ্বারা ধর্ষণ ও শারীরিক নির্যাতনের শিকার হওয়া আছিয়ায় মৃত্যুতে গায়েবানা জানাজা করেছে ইনকিলাব মঞ্চ।
বৃহস্পতিবার বিকেল সোয়া পাঁচটায় রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। গায়েবানা জানাজার আগে আছিয়ার জন্য দোয়া করেন সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি।
গায়েবানা জানাজা শেষে আছিয়ার মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত শাস্তির আওতায় আনাসহ ধর্ষণের ঘটনায় ৯০ দিনের মধ্যে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের দাবি জানান।
এ সময় তিনি বলেন, অতিদ্রুত শুধু ধর্ষণ মামলার বিচারের জন্য ট্রাইবুন্যাল গঠন করতে হবে এবং যেদিন থেকে মামলা শুরু হবে তার ৯০ দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হবে। পাশাপাশি ভুক্তভোগীকে আইনী সহায়তা দিয়েও রাষ্ট্রকে এবিষয়ে সহায়তা করতে হবে। আজকে আছিয়া গরিব বলে আইন করতে ভয় পান, আছিয়া যদি আপনাদের আত্মীয় বা মেয়ে হতো তাহলে কি এই বিষয়টা নিতে পারতেন?
তিনি আরো বলেন, আছিয়ার মৃত্যুর ঘটনায় সব প্রমাণ আছে। সুতরাং রবিবারের মধ্যে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে।
উল্লেখ্য, বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে পাশবিক নির্যাতনের শিকার হয়ে আছিয়া সাতদিন হাসপাতালে বেঁচে থাকার লড়াই চালিয়ে যাওয়ার পর রাজধানীর সম্মিলিত সামরিক হাসতাপালে মৃত্যুবরণ করেন। এর আগে গত ৬ মার্চ বৃহস্পতিবার বড় বোনের বাড়িতে বেড়াতে গেলে বড় বোনের শ্বশুরের ধর্ষণের শিকার হন তিনি।
পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত ডাক্তারের প্রতিবেদন অনুযায়ী বলা হয়- ধর্ষকরা ধারালো ব্লেড বা কাঠি দিয়ে আছিয়ার গোপনাঙ্গে ৫ সে.মি. গভীর ছিদ্র করে, সূক্ষ্মভাবে অনেকটা সময় নিয়ে তার গোপনাঙ্গের ভিতর স্ক্রেচ করে। এসময় তার নাক-মুখ চেপে ধরা হয়েছিল যাতে কোনোরকম চিৎকার করতে না পারে। তারপর মানুষ চলে আসার আওয়াজ পেয়ে তার গলা চেপে ধরা হয় মেরে ফেলার জন্যে। ফলে অক্সিজেনের অভাবে অজ্ঞান হয়ে পরে আছিয়া।
আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

